জাবিতে দুই হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, আহত ৯

জাবিতে দুই হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, আহত ৯

ফন্ট সাইজ:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) দোকানের মালিকানাকে কেন্দ্র করে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল ও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ৯ জন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে। সোমবার দুপুর আড়াইটার দিকে নজরুল হলের সামনে রবীন্দ্রনাথ ঠাকুর হলের চত্বর সংলগ্ন সড়কে এ সংঘর্ষের সূত্রপাত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের সামনে থাকা ৬টি দোকানের মালিকানা নিয়ে বেশ কিছুদিন ধরে দুই হলের শিক্ষার্থীদের মধ্যে বিরোধ চলছিল। দোকানগুলো নজরুল হলের সামনে হওয়ায় ওই হলের শিক্ষার্থীরা প্রশাসনের কাছে এগুলোর মালিকানা দাবি করে আসছিলেন। দুই হলের শিক্ষার্থীদের মধ্যে এই দোকানগুলোর মালিকানা নিয়ে বিরোধের জেরে প্রথমে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে কমপক্ষে ৯ জন শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে। এদিকে ঘটনার খবর পেয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও প্রক্টরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে উভয়পক্ষের শিক্ষার্থীদের শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক জাকির হোসেন বলেন, ‘আহত শিক্ষার্থীদের আমরা ইতিমধ্যে এম্বুলেন্সে করে মেডিকেলে পাঠিয়েছি। এখন পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছি। এরপর দুই হলের শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করবো।’ এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের কর্তব্যরত চিকিৎসক ডা. নাফিউল কাদের বলেন, আজকের ঘটনায় প্রায় ৯ জন আহত হয়ে চিকিৎসা নিতে আসেন। তাদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর হওয়ায় এবং একজন স্বেচ্ছায় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, ‘সকাল থেকেই দুই হলের প্রশাসন ও শিক্ষার্থীদের সঙ্গে আমরা দফায় দফায় আলোচনা করেছি। কিন্তু কবি নজরুল ইসলাম হলের শিক্ষার্থীদের সঙ্গে বসার আগেই দুই পক্ষের মধ্যে মারামারি শুরু হয়। খবর পেয়ে প্রক্টরসহ প্রশাসনের পুরো টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। বর্তমানে দুই পক্ষ নিজ নিজ হলে অবস্থান করছে। দুই হলের প্রতিনিধিদের নিয়ে প্রশাসনের সঙ্গে বৈঠকের মাধ্যমে বিষয়টির সমাধানের চেষ্টা চলছে।’