যমুনায় ২ দিন ধরে নিখোঁজ দুই শ্রমিক

ফন্ট সাইজ:

সিরাজগঞ্জে যমুনায় বালুবোঝাই বাল্কহেড ডুবে দু’দিন ধরে নিখোঁজ রয়েছেন মোরশেদ (২৫) ও ফয়সাল (২১) নামে দুই শ্রমিক। ফায়ার সার্ভিস সদস্যরা তাদের উদ্ধারে দু’দিন ধরে চেষ্টা করছেন। কিন্তু উদ্ধার না হওয়ায় সোমবার বেলা ১০টার দিকে রাজশাহী থেকে একটি ডুবুরি দল ঘটনাস্থলে এসে উদ্ধারের কাজ শুরু করেছেন। এর আগে শনিবার সন্ধ্যায় সিরাজগঞ্জ সদর উপজেলার যমুনার চর অধ্যুষিত কাওয়াকোলা ইউনিয়নের বড় কয়রা নামক স্থানে একটি বালুবোঝাই বাল্কহেড ডুবে যায়। এতে নিখোঁজ হন নোয়াখালী জেলার মাইজদী থানার আন্ডারচর গ্রামের লোকমান হোসেন মৃধার ছেলে মোরশেদ ও চাঁদপুর জেলার মতলব উত্তর থানার কাশিমনগর গ্রামের মোক্তার হোসেনের ছেলে ফয়সাল (২১)।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরীফুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নদীতে ডুবে যাওয়া বাল্কহেডের ওপরে থাকা দু’জন সাঁতরে তীরে উঠলেও দু’জন ইঞ্চিন রুমের ভেতরে ছিলেন। তাদের ধারণা, তারা সেখানে আটকা পড়েছেন। কিন্তু নদীর প্রবল স্রোতের কারণে তারা তাদের উদ্ধার করতে পারেনি। পরে রাজশাহী থেকে ডুবুরি দল আনা হয়েছে। এখন তারা ড্রেজার দিয়ে বালুটা সরিয়ে উদ্ধারের চেষ্টা করছেন।