বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন স্পিকার

ফন্ট সাইজ:

‘সবুজ, সুসজ্জিত ও পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ার প্রত্যয়ে’ ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের দুই পাশে ৭০ কিলোমিটার এলাকা জুড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের ডাওরিহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর-বিক্রম)। মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনায় জেলা প্রশাসকদের অগ্রাধিকার কর্মপরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে এ বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

কর্মসূচির আওতায় ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের দুই পাশে প্রায় ৭০ কিলোমিটার এলাকায় বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হবে। ফলে মহাসড়কের সৌন্দর্য বৃদ্ধি, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়ন কার্যক্রম আরও জোরদার হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। উদ্বোধনী অনুষ্ঠানে ভোলা জেলা প্রশাসক ডা. শামীম আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সিফাত বিন সাদেক, উপজেলা বিএনপি’র সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বাবুলসহ প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।