কেরানীগঞ্জে অবৈধ দোকানপাট উচ্ছেদে ঝটিকা অভিযান

ফন্ট সাইজ:

কেরানীগঞ্জে কদমতলী গোলচত্বর এলাকায় অবৈধ দোকানপাট উচ্ছেদে ঝটিকা অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নেতৃতে এ অভিযান পরিচালিত হয়। এ সময় দ্বিতীয় বুড়িগঙ্গা সেতুর দক্ষিণ প্রান্তে কদমতলী গোলচত্বর এলাকায় রাস্তার দুই পাশে এবং জনসাধারণের চলাচলের ফুটপাথ দখল করে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট উচ্ছেদ করা হয়।

দীর্ঘদিন ধরে জনসাধারণের চলাচলের ফুটপাথ ও যানবাহন চলাচলের রাস্তা দখল করে সেখানে অবৈধভাবে দোকানপাট বসিয়ে দেদারসে ব্যবসা চালিয়ে আসছিল একশ্রেণির সুবিধাবাদী লোক। এতে ঢাকা থেকে দ্বিতীয় বুড়িগঙ্গা সেতু হয়ে বিভিন্ন যানবাহন কদমতলীতে আসতে এবং কদমতলী থেকে বিভিন্ন যানবাহন ঢাকার দিকে যেতে তীব্র যানজটের মুখে পড়তে হয়েছিল। মানুষের এই চরম ভোগান্তি লাঘব করতেই ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নেতৃত্বে এই অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযানে ঝটিকা অভিযান চালানো হয়েছে।

এ সময় কদমতলী গোলচত্ব¡র এলাকায় যানজট নিরসনে জনসাধারণ চলাচলের ফুটপাথ ও যানবাহন চলাচলের রাস্তা দখল করে কেউ যেন আর দোকানপাট বসিয়ে যানজট সৃষ্টি করতে না পারে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে কড়া নির্দেশনা দেয়া হয়। এই অবৈধ দোকানপাট উচ্ছেদে ঝটিকা অভিযানকালে ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন বলেন, আমরা একটি নির্দিষ্ট জায়গা খুঁজছি; যেখানে কদমতলী গোলচত্বর এলাকা থেকে উচ্ছেদ হওয়া দোকানগুলো স্থানান্তর করার ব্যবস্থা করা হবে।
উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন— ঢাকা জেলা দক্ষিণ ক্রাইম অ্যান্ড অপস্ অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, কেরানীগঞ্জ ট্রাফিক ইনচার্জ শাহিদুল ইসলাম শাহিদ প্রমুখ।