দীর্ঘ বিরতির পর গানে ফিরলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী পথিক নবী। প্রযোজনা প্রতিষ্ঠান লায়নিক মিউজিকের ব্যানারে মুক্তি পেয়েছে তার নতুন গান— ‘ও পাখি’। গানটিতে কণ্ঠ দেয়ার পাশাপাশি লেখা ও সুরের কাজটিও করেছেন পথিক নবী নিজেই। সংগীতায়োজন করেছেন কেজিএম রাহাত। ‘ও পাখি, পাখি, পাখি ও পাখি নীল পাখি লাল... তোর রঙিন মায়া ডানায় ভাসে মহাকাল’— এমন দারুণ লিরিকে মেলোডিধর্মী গানটি দীর্ঘ বিরতির পর পথিক নবীর কোনো মৌলিক গান। গানে ফেরা নিয়ে তিনি বলেন, ফেরা বলতে কিছু নেই। বারো মাস গানের সঙ্গেই থাকি। তবে এই ইউটিউব আমলে সেভাবে গান প্রকাশ পায় না। আমিও তেমন বুঝি না। কিন্তু নিজের মতো গান বানাই। অসুস্থতা, জীবনের নানা বাঁক— যত কিছুই ঘটুক না কেন গান থেকে কখনোই দূরে ছিলাম না। নতুন প্রকাশিত গান নিয়ে এই শিল্পী বলেন, গানের কথা আমার। হয়তো এখনকার ভাইরাল ট্রেন্ডের সঙ্গে যাবে না। কিন্তু আমার খুব প্রিয় একটা কাজ। একই ব্যানারে পথিক নবীর আরও নতুন মৌলিক গানের পরিকল্পনা চলছে বলে জানান শিল্পী।
উল্লেখ্য, পথিক নবী বাংলাদেশের অন্যতম জনপ্রিয় গীতিকার, সুরকার এবং শিল্পী হিসেবে সমাদৃত। ২০০৩ সালে ‘ইত্যাদি’ অনুষ্ঠানে ‘আমার একটি নদী ছিল, জানলো না তো কেউ’ গানের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পান। এরপর আরও অসংখ্য জনপ্রিয় গানে কণ্ঠ দিয়েছেন তিনি। এর মধ্যে রয়েছে— ‘নিশি কালো মেঘ দেখে’, ‘বৃক্ষ যেমন আঘাত দিলেও’, ‘অচেনা পাথিক’ ‘কষ্টের গায়ে লাল জামা’, ‘চোখের দৃষ্টি’, ‘কে আমাকে ভালোবাসিবে’, ‘মাক্ষি গিরা’, ‘আমার আমি নাইরে’ ইত্যাদি।
