রোবেনা রেজা জুঁই। অভিনয়ে এই সময়ে এসে নিজেকে আরও পরিণত করেছেন। যেকোনো চরিত্রে তিনি দুর্দান্ত অভিনয় করেন। তাকে দিয়ে নির্মাতারাও চ্যালেঞ্জিং নানা ধরনের চরিত্রে অভিনয় করান। সেই ধারাবাহিকতায় এবার তরুণ মেধাবী নির্মাতা তাইফুর জাহান আশিক জুঁইকে নিয়ে ‘বুবু’ শিরোনামের একটি নাটক নির্মাণ করেছেন। নাটকটি রচনা করেছেন আল আমিন স্বপন। সম্প্রতি ‘উইন্ডমিল এন্টারটেইনমেন্ট’ ইউটিউব চ্যানেলে নাটকটি প্রকাশিত হয়েছে। এরইমধ্যে নাটকটি প্রায় তিন লাখ ভিউয়ার্স উপভোগ করেছেন। জুঁই বলেন, এর আগে ‘বড় বোন’ শিরোনামের একটি নাটকে অভিনয় করেছিলাম। সেই নাটকটিতে অভিনয় করেও ভালো সাড়া পেয়েছিলাম।
‘বুবু’ নাটকটি প্রচারে আসার পর বিগত ৪/৫ দিনে আমি বেশ ভালো সাড়া পেয়েছি। একটি পরিবারে বড় মেয়ের যে কতো ধরনের দায়িত্ব থাকে এবং সেই দায়িত্ব পালন করতে গিয়ে তাকে যে কতো ধরনের প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়, তা আসলে অনেক নারী বা মেয়ে বলতে পারে না। আল আমিন স্বপন চমৎকার একটি গল্প রচনা করেছেন। আর আশিক এই ধরনের গল্প নির্মাণে বেশ দক্ষ হয়ে উঠেছে। ধন্যবাদ আশিককে এত যত্ন করে নাটকটি নির্মাণের জন্য। কৃতজ্ঞতা ভালোবাসা দর্শকের প্রতি, আমাকে সব সময় অনুপ্রাণিত করার জন্য। জু্ইঁ এ মুহূর্তে আরও দু’টি নতুন ধারাবাহিকের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। একটি শামীম জামানের ‘এক পাতিলের সংসার’ ও অন্যটি তাইফুর জাহান আশিকের ‘মাথা গরম ফ্যামিলি’। সামনে সকাল আহমেদ ও ফজলুল সেলিমের দু’টি একক নাটকে কাজ করার কথা চলছে।
