কুলিয়ারচরে হাতকড়াসহ পালিয়েছেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি

কুলিয়ারচরে হাতকড়াসহ পালিয়েছেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি

ফন্ট সাইজ:

কিশোরগঞ্জের কুলিয়ারচরে পুলিশের হাত থেকে হাতকড়াসহ পালিয়েছেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রেনু মিয়া। সোমবার দুপুরে উপজেলার ছয়সূতি ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতার নিজ বাড়ি মাধবদী এলাকায় এ ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছের কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দিন। পলাতক আসামি রেনু মিয়া ছয়সূতি ইউনিয়নের মাধবদী এলাকার ইল্লাত মিয়ার ছেলে ও ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

জানা যায়, আসামি রেনু মিয়ার বিরুদ্ধে কুলিয়ারচর থানায় বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রদের ওপর হামলার মামলা রয়েছে। দীর্ঘদিন তিনি পলাতক ছিলেন। ১৪ই সেপ্টেম্বর সোমবার দুপুরে কুলিয়ারচর থানা পুলিশ রেনু মিয়াকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করলে সেখানে স্থানীয়রা জড়ো হতে থাকে। তবে কোনোরকম হট্টগোল হয়নি। মানুষের ভিড়ে সেখান থেকে সুকৌশলে হাতকড়া হাতে নিয়ে রেনু মিয়া পালিয়ে যান।

পরবর্তীতে পুলিশ সেখান থেকে রেনু মিয়ার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নিয়ে আসে। এ বিষয়ে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দিন বলেন, রেনু মিয়ার পালিয়ে যাওয়ার বিষয়টি একটি অনাকাক্সিক্ষত ঘটনা। বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রদের ওপর হামলায় রেনু মিয়ার সম্পৃক্ততা পাওয়া গেছে। ঘটনার পর থেকে অভিযান অব্যাহত রয়েছে। দ্রুত সময়ের মধ্যে রেনু মিয়াকে গ্রেপ্তার করা হবে।