‘১৭ বছরে অনিয়ম নিয়মে পরিণত হয়েছে’

‘১৭ বছরে অনিয়ম নিয়মে পরিণত হয়েছে’

ফন্ট সাইজ:

গত ১৭ বছরে দেশে নানা অনিয়ম নিয়মে পরিণত হয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের গত দুই বছরে দেশে ‘মব কালচার’ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. জি কে গউছ এমপি। তিনি বলেন, এই পরিস্থিতি থেকে বেরিয়ে এসে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। দীর্ঘদিন আইন অমান্য করতে করতে মানুষের মধ্যে আইন না মানার একটি অভ্যাস তৈরি হয়েছে। তাই আইনের শাসন প্রতিষ্ঠা করা একটি কঠিন কাজ। সোমবার দুপুরে সুনামগঞ্জ জেলার সার্বিক আইনশৃঙ্খলা, উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জি কে গউছ বলেন, প্রধানমন্ত্রী দায়িত্ব নেয়ার প্রথম দিনেই তার বক্তব্যে বলেছেন, এই দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। এটি সহজ কাজ নয়। কারণ দীর্ঘ ১৭ বছর ধরে নানা অনিয়ম চলতে চলতে সেগুলো অনেক ক্ষেত্রে নিয়মে পরিণত হয়েছে। একইসঙ্গে গত দুই বছরে দেশে একটি ‘মব কালচার’ তৈরি হয়েছে।

এই সংস্কৃতি থেকে দেশকে বের করে আনতে হবে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন কোনো ব্যক্তির অপকর্মের দায় দল বহন করবে না। একজন ব্যক্তি যত ত্যাগ বা আত্মত্যাগই করে থাকুন না কেন, তার কোনো অপকর্মের দায় বিএনপি কিংবা রাষ্ট্র বহন করবে না। সভায় সুনামগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিভিন্ন উন্নয়ন কার্যক্রম এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম, সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ এবং সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান।