চট্টগ্রাম চন্দনাইশে স্বামীর পরকীয়ায় বাধা দেয়াকে কেন্দ্র করে মিনহাজ খাতুন (২৪) নামে দুই সন্তানের জননীকে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। এ ঘটনায় নিহতের স্বামী জাহেদুল ইসলামকে আটক করেছে চন্দনাইশ থানা পুলিশ। গতকাল দোহাজারী পৌরসভার হাছনদণ্ডি নাসির মাস্টারবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছেন। পরিবার সূত্রে জানা যায়, প্রায় ৬ বছর আগে হাছনদণ্ডি নাসির মাস্টারবাড়ীর খাইরুল বশরের ছেলে জাহেদুল ইসলামের সঙ্গে মিনহাজ খাতুনের বিয়ে হয়। তাদের সংসারে তিন বছর ও দেড় বছর বয়সী দু’টি পুত্রসন্তান রয়েছে। বিয়ের পর জাহেদুল অন্য এক নারীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। এতে বাধা দেয়ায় প্রায়ই মিনহাজকে মারধর করা হতো।
পরকীয়ার ঘটনার জের ধরে ঘটনার দিন রাতে জাহেদুল ও তার পরিবারের সদস্যরা মিনহাজকে বেধড়ক মারধর করেন। পরে জাহেদুল ফোন করে মিনহাজ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে শ্বশুরবাড়ির সদস্যদের জানান। পরবর্তীতে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গেলে শ্বশুরবাড়ির লোকজন বিষয়টি কাউকে না জানাতে চাপ দেন। চন্দনাইশ থানার ওসি এসএম দিদারুল ইসলাম সিকদার জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত স্বামীকে আটক করা হয়েছে।
