মোহনগঞ্জে দ্বন্দ্বের জেরে প্রতিবেশীকে পিটিয়ে হত্যা

ফন্ট সাইজ:

নেত্রকোণার মোহনগঞ্জে গরু প্রতিবেশীর গাছের চারা খাওয়াকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে তোতা মিয়া (৪০) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার রাত সাড়ে ৯টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনার পর থেকেই অভিযুক্ত রবি মিয়া পলাতক রয়েছেন। জানা যায়, নিহত তোতা মিয়া উপজেলার সমাজ-সহিলদেও ইউনিয়নের কমলপুর গ্রামের মৃত আসাদুজ্জামানের ছেলে। গত শনিবার সন্ধ্যায় তোতা মিয়ার গরু একই গ্রামের প্রতিবেশী মৃত সাদত আলীর ছেলে রবি মিয়ার একটি গাছের চারা খেয়ে ফেলে।

এ নিয়ে দু’জনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এরই একপর্যায়ে রবি মিয়া ধান বহনের জন্য ব্যবহৃত ভারবাঁশ (দুই পাশ সূচালো লম্বা বাঁশের লাঠি) দিয়ে তোতা মিয়ার মাথা ও শরীরে আঘাত করতে থাকেন। এরপর তোতা মিয়া মাটিতে পড়ে গেলে ভারবাঁশের সূচালো অংশ দিয়ে তার বুকে আঘাত করা হয়। এতে গুরুতর আহত হন তোতা মিয়া। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন থাকার পর রোববার অবস্থার অবনতি হলে তোতা মিয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে সেখানে ওই রাতেই তার মৃত্যু হয়।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন বলেন, এ ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে।

ময়নাতদন্ত শেষে সোমবার বিকালে মরদেহ নিহতের বাড়িতে নিয়ে গেছে। দাফনের পর পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেয়ার কথা রয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত রবি মিয়া পলাতক। পুলিশ তাকে গ্রেপ্তারের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে।