ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে সার বিক্রি ও মূল্য তালিকায় সংরক্ষণ না করার অপরাধে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার সকালে উপজেলার শাহবাজপুর দ্বিতীয় গেট এলাকায় বিসিআইসি অনুমোদিত ডিলার মেসার্স নুরুল ইসলাম নামক ব্যবসা প্রতিষ্ঠানের পরিচালক জহিরুল ইসলামকে এই জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সূত্র জানায়, গোপন সংবাদে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর কামরুজ্জামান কবীর গতকাল সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলের শাহবাজপুরে অভিযান পরিচালনা করেন।
সেখানে তিনি বিসিআইসি অনুমোদিত ওই সার ডিলারের দোকানে উপস্থিত হন। দোকানের মূল্য তালিকাটি সঠিকভাবে সংরক্ষিত ছিল না। উপস্থিত কৃষকদের কাছে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে সার বিক্রি করছেন দায়িত্বে থাকা জহিরুল ইসলাম নামের এক ব্যক্তি। হাতেনাতে ধরা পড়ে দায় স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
