বিয়ানীবাজারে ভূমি অফিসের কানুনগো লাঞ্ছিত ভিডিও ভাইরাল

ফন্ট সাইজ:

বিয়ানীবাজার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের ভারপ্রাপ্ত কানুনগো গৌতম কুমার শীল লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। নিজ কার্যালয় থেকে বেরিয়ে আসার পথে জনৈক ব্যক্তি তার ওপর হামলে পড়েছেন বলে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়। গত রোববার রাত থেকে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় স্থানীয় ভূমি কার্যালয়ে কর্মরত কর্মচারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। জানা গেছে, কয়েকটি নামজারি আবেদনকে কেন্দ্র করে মহল বিশেষ বিয়ানীবাজার সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের ভারপ্রাপ্ত কানুনগো গৌতম কুমার শীলের ওপর ক্ষিপ্ত ছিল। এর জের ধরে তাকে লাঞ্ছনার ঘটনা ঘটতে পারে।

ভিডিওতে দেখা যায়, ভূমি কার্যালয় থেকে বের হয়ে অন্যত্র যাওয়ার পথে আগে থেকে ওত পেতে থাকা এক ব্যক্তি তার ওপর চড়াও হন। ঘটনাটি অপর আরেক ব্যক্তি মোবাইল ফোনে ধারণ করেন। কানুনগো গৌতম কুমার শীল জানান, বিয়ানীবাজার সাব-রেজিস্ট্রি অফিস থেকে জালিয়াতির দায়ে বহিষ্কৃত এক দলিল লেখক প্রায়ই জাল কাগজপত্র দিয়ে নামজারি করিয়ে নিতে চান। এতে তিনি আপত্তি করলে তার ইন্ধনে এমন ঘটনা ঘটতে পারে। তিনি অভিযাগ করেন, ওই দলিল লেখক কেবল তিনিই নন আরও একাধিক ভূমি কর্মচারীকে জিম্মি করে টাকা আদায় করতে চান। এ বিষয়ে উপরমহলের নির্দেশনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে।

বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাবিবা মজুমদার জানান, একটি ভিডিও দেখেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।