মমেক হাসপাতালে ডেঙ্গুতে ২ জনের মৃত্যু

ফন্ট সাইজ:

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দু’জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে অন্যজন ডেঙ্গু ওয়ার্ডে এবং আরেকজন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৩১ জন রোগী ভর্তি রয়েছেন। তাদের মধ্যে পুরুষ ৮৩ জন, মহিলা ৪২ জন এবং শিশু ৬ জন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৫৫ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫৮ জন। সোমবার হাসপাতাল কর্তৃপক্ষের প্রকাশিত ডেঙ্গু পরিস্থিতির সামারিতে এসব তথ্য জানানো হয়।

জানা গেছে, চলতি বছর এ পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ২ হাজার ১৭৮ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১৮ জনের মৃত্যু হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, সম্প্রতি মারা যাওয়া দু’জন হলেন— ভালুকা উপজেলার রাশিদা খাতুন (৪২) এবং গাজীপুরের শ্রীপুরের জাফর আলী (৭০)। রাশিদা খাতুন ভালুকা উপজেলার নুর হোসেনের স্ত্রী। তিনি ১১ই সেপ্টেম্বর বিকাল ৫টা ২০ মিনিটে হাসপাতালে ভর্তি হন। ১৩ই সেপ্টেম্বর রাত ৮টা ৩০ মিনিটে তার মৃত্যু হয়। তার মৃত্যুর প্রাথমিক কারণ হিসেবে ডেঙ্গু শক সিনড্রোম উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে, জাফর আলী গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনা বাজার এলাকার মৃত আব্দুল হোসেনের ছেলে। ১৩ই সেপ্টেম্বর দুপুর ১টায় হাসপাতালে ভর্তি হওয়ার পর গতকাল ভোর ৪টা ৩০ মিনিটে তার মৃত্যু হয়। তার মৃত্যুর প্রাথমিক কারণ হিসেবে এক্সপ্যান্ডেড ডেঙ্গু সিনড্রোমের সঙ্গে তীব্র শ্বাসকষ্টজনিত জটিলতা, সেপসিস, সেপটিক শক ও রক্ত জমাট বাঁধার জটিলতা (ডিআইসি) উল্লেখ করা হয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের ফোকাল পারসন অধ্যাপক ডা. এমদাদুল্লাহ খান বলেন, ডেঙ্গু পরিস্থিতি এখনো উদ্বেগজনক। প্রতিদিন নতুন করে রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন। একইসঙ্গে অনেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরছেন। তিনি আরও বলেন, ডেঙ্গু আক্রান্ত রোগীর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে পারে, বিশেষ করে জটিলতা দেখা দিলে পরিস্থিতি গুরুতর হয়ে ওঠে। তাই জ্বর হলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেয়া প্রয়োজন।