পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় উপজেলা নির্বাহী অফিসারসহ গুরুত্বপূর্ণ দপ্তরের কর্মকর্তার পদ শূন্য হয়ে পড়ায় দাপ্তরিক কার্যক্রম যেমন ব্যাহত হচ্ছে, তেমনি দিনের পর দিন সেবাগ্রহীতাদেরও হয়রানির শিকার হতে হচ্ছে। উপজেলা প্রশাসনের শূন্য পদগুলোর মধ্যে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি) (এসিল্যান্ড), উপজেলা মৎস্য কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, সাব-রেজিস্ট্রার, বন বিভাগের কর্মকর্তা অন্যতম। একটি নির্ভরযোগ্য সূত্র জানান, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা ও উপজেলা সমাজসেবা কর্মকর্তার পদ দীর্ঘদিন শূন্য থাকার পর সম্প্রতি শূন্য পদগুলোতে কর্মকর্তা যোগদান করেছেন। স্থানীয় লোকজনের অভিযোগ, উপজেলা নির্বাহী অফিসারসহ এসব অফিসের প্রধান কর্মকর্তা না থাকায় সব ধরনের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে, সকল কার্যক্রম ব্যাহত হচ্ছে। কর্মকর্তা শূন্য দপ্তরগুলো দায়সারাভাবে চলছে অন্য উপজেলার কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্তি দিয়ে।
সংশ্লিষ্ট দপ্তরগুলোর কর্মকর্তা-কর্মচারীরা জানান, অতিরিক্ত দায়িত্বে থাকা কর্মকর্তাদের দিয়ে অফিস চালাতে ব্যাপক সমস্যায় পড়তে হয় এবং সেবাগ্রহীতাদের সঠিক সময়ে সেবা প্রদানে বিঘ্ন ঘটছে। অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শুধু সরকারি চিঠিপত্রে স্বাক্ষর করা ছাড়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনা বা জমিজমা সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করতে পারছেন না। ইউএনও পদটি শূন্য থাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে না, ফলে আইন-শৃঙ্খলার অবনতি ঘটছে। সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘদিন ধরে সহকারী কমিশনার (ভূমি) পদটি শূন্য থাকায় ভূমি অফিসের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিশেষ করে ই-নামজারী, খাজনা, ভূমি সংক্রান্ত তদন্ত, শুনানি ও অন্যান্য ডিজিটাল ভূমিসেবায় এর প্রভাব পড়ছে। জমি ক্রয়-বিক্রয়, দলিল নিবন্ধন ও সরকারি রাজস্ব আদায়ের মতো গুরুত্বপূর্ণ সেবা দেয়ার কথা সাব- রেজিস্ট্রিগুলোর। আটোয়ারী উপজেলায় নিজস্ব সাব-রেজিস্ট্রার না থাকায় সাব-রেজিস্ট্রার অফিসে সপ্তাহে শুধু একদিন (বুধবার) জমি রেজিস্ট্রি করা হয়। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে সরকারের রাজস্ব আদায়। জানা গেছে, উপজেলা নির্বাচন অফিসার বদলি হয়েছেন। সোমবার আটোয়ারী উপজেলায় ছিল তার শেষ কর্ম দিবস। আটোয়ারী উপজেলায় ইউএনও সহ জনগুরুত্বপূর্ণ দপ্তরগুলোতে কর্মকর্তা না থাকায় চরম ভোগান্তিতে পড়ছেন সেবাগ্রহীতারা। অন্য উপজেলার কর্মকর্তারা অতিরিক্ত দায়িত্ব পালন করলেও তাদের মূল কর্মস্থলের পাশাপাশি অতিরিক্ত চাপ সামলাতে গিয়ে সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আটোয়ারীবাসীর দাবি, ইউএনও সহ জনগুরুত্বপূর্ণ পদগুলো দ্রুত পূরণ করে রাষ্ট্রীয় সেবার মান নিশ্চিত করুন।
