কলেজছাত্রীকে এনসিপি নেতার ধর্ষণের অভিযোগ

কলেজছাত্রীকে এনসিপি নেতার ধর্ষণের অভিযোগ

ফন্ট সাইজ:

গাজীপুরের কালীগঞ্জে গোপন ছবি, ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেয়ার হুমকি দিয়ে এক কলেজছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কালীগঞ্জ উপজেলা শাখার যুগ্ম সদস্য সচিব জাহিদ মুন্সির বিরুদ্ধে। এ ঘটনায় ধর্ষিতার বড় বোন বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা সূত্রে জানা যায়, কালীগঞ্জ পৌর ৪নং ওয়ার্ড মুনসেফপুর গ্রামের জাকির মিস্ত্রীর পুত্র জাহিদ মুন্সির দোকানে ঘড়ি কিনতে গিয়ে প্রায় চার মাস পূর্বে পরিচয় হয় কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের উচ্চ মাধ্যমিক ২য় বর্ষের ওই ছাত্রীর। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। একপর্যায়ে কলেজছাত্রীকে বিয়ের আশ্বাস দিয়ে একটি গেস্ট হাউজে নিয়ে জাহিদ তাকে ধর্ষণ করে ব্যক্তিগত ছবি ও ভিডিও ধারণ করে।

পরে ওই ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেয়ার হুমকি দিয়ে তাকে মিরেরবাজারের একটি গেস্ট হাউজ, বিভিন্ন হোটেল, রিসোর্টসহ বিভিন্নস্থানে নিয়ে একাধিকবার ধর্ষণ করে। কলেজছাত্রী জাহিদকে বারবার বিয়ের জন্য চাপ দিলে তাকে মারধর করে। গত মঙ্গলবার ধর্ষিতা তার বড় বোনকে নিয়ে জাহিদদের বাড়িতে গিয়ে জানতে পারে ইতিপূর্বে সে একাধিক বিয়ে করেছে এবং তার একটি সন্তানও রয়েছে। এ বিষয়ে ধর্ষিতার বড় বোন বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। এ বিষয়ে কালীগঞ্জ থানার ওসি মো. জাকির হোসেন বলেন, মামলা দায়েরের পর অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।