সৌদির তেল পাইপলাইন বন্ধ থাকবে ৫ সপ্তাহ

বিশ্ববাজারে বড় শঙ্কা

সৌদির তেল পাইপলাইন বন্ধ থাকবে ৫ সপ্তাহ

ফন্ট সাইজ:

গত সপ্তাহে হামলার শিকার হওয়া সৌদি আরবের গুরুত্বপূর্ণ একটি তেল পাইপলাইন মেরামতের কারণে তিন থেকে পাঁচ সপ্তাহ পর্যন্ত মূলত বন্ধ থাকতে পারে। বিষয়টি সম্পর্কে অবগত দুই কর্মকর্তা বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) এই তথ্য নিশ্চত করেছে।
তবে তারা নাম প্রকাশ না করার শর্তে কথা বলেছেন, কারণ দেশটিতে গণমাধ্যমকে এ বিষয়ে তথ্য দেয়ার অনুমতি তাদের নেই।

কর্মকর্তারা জানান, পাইপলাইনের একটি গুরুত্বপূর্ণ পাম্পিং স্থাপনাসহ ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করতে তিন থেকে পাঁচ সপ্তাহ সময় লাগতে পারে। তবে মেরামতের কাজ চলার সময় পাইপলাইনটির কিছু অংশ সীমিত পরিসরে চালু রাখা সম্ভব হতে পারে বলে একজন কর্মকর্তা জানিয়েছেন।

সৌদি আরবজুড়ে প্রায় ১ হাজার ২০০ কিলোমিটার (৭৪৫ মাইল) দীর্ঘ ইস্ট-ওয়েস্ট পাইপলাইনটি দেশটির তেল রপ্তানি কৌশলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। হরমুজ প্রণালিতে ইরানের হামলার কারণে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় ওই নৌপথ এড়িয়ে লোহিত সাগরের মাধ্যমে তেল রপ্তানি বাড়াতে এই পাইপলাইন ব্যবহার করতে চায় সৌদি।

পাইপলাইনটির মাধ্যমে প্রতিদিন সর্বোচ্চ ৭০ লাখ ব্যারেল তেল পরিবহন করা সম্ভব।
সৌদির অভিযোগ, গত সপ্তাহে ইরান-সমর্থিত ইরাকি মিলিশিয়াদের ড্রোন হামলার কারণে পাইপলাইনটি ক্ষতিগ্রস্ত হয়। এরপর বৃহস্পতিবার এটি পুরোপুরি বন্ধ করে দেয় সৌদি আরব।
পাইপলাইনটি কয়েক সপ্তাহ বন্ধ থাকলে বৈশ্বিক তেল সরবরাহে এর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে হরমুজ প্রণালিতে চলাচল ইতোমধ্যে ব্যাপকভাবে ব্যাহত হওয়ায় সৌদির বিকল্প এই তেল পরিবহনপথের দীর্ঘস্থায়ী অচলাবস্থা বাজারে নতুন করে উদ্বেগ তৈরি করতে পারে।