নকশা অনুমোদন ও নির্মাণকাজে অনিয়মের অভিযোগ

রাজউকে দুদকের অভিযান

নকশা অনুমোদন ও নির্মাণকাজে অনিয়মের অভিযোগ

ফন্ট সাইজ:

নকশা অনুমোদন, নির্মাণকাজের তদারকি ও পরিদর্শনে অনিয়ম, ঘুষ-দুর্নীতি এবং দায়িত্বে অবহেলার অভিযোগে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্রধান কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বিধিবহির্ভূত ভবন নির্মাণের সুযোগ করে দেয়ার অভিযোগসহ বিভিন্ন অনিয়মের সত্যতা যাচাইয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
সোমবার দুদকের সহকারী পরিচালক সুভাষ মজুমদারের নেতৃত্বে একটি দল রাজউকের প্রধান কার্যালয়ে অভিযান শুরু করে। দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদক সূত্র জানায়, রাজউকের নকশা অনুমোদন, নির্মাণাধীন ভবন তদারকি এবং পরিদর্শন কার্যক্রম নিয়ে দীর্ঘদিন ধরেই বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে। নিয়ম-নীতির তোয়াক্কা না করে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে ভবনের নকশা অনুমোদন এবং নির্মাণকাজে ছাড় দেয়ার অভিযোগও রয়েছে। এ ছাড়া দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের দায়িত্বে অবহেলার কারণে অনুমোদিত নকশার বাইরে ভবন নির্মাণ এবং বিধিবহির্ভূত স্থাপনা গড়ে ওঠার সুযোগ তৈরি হচ্ছে বলে অভিযোগ পেয়েছে দুদক।