মাদ্রাসা শিক্ষা ও প্রতিষ্ঠান নিয়ে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার বন্ধ এবং কোনো ঘটনার তথ্য যাচাই করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান জানিয়েছেন দাউদকান্দির গৌরীপুর প্রাইভেট মাদ্রাসা ঐক্য পরিষদের নেতারা।
সোমবার বেলা ১১টায় দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারস্থ আল মদিনা মাদ্রাসা মিলনায়তনে দাউদকান্দিতে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আহ্বান জানানো হয়।
লিখিত বক্তব্যে আলেম-ওলামারা বলেন, দেশের শিক্ষা ব্যবস্থায় মাদ্রাসা একটি গুরুত্বপূর্ণ অংশ। ধর্মীয় শিক্ষার পাশাপাশি বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীদের পাঠদান করা হয়। নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধসম্পন্ন মানুষ গড়তেও এসব প্রতিষ্ঠান ভূমিকা রাখছে।
তারা বলেন, কোনো বিচ্ছিন্ন ঘটনার দায় পুরো মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার ওপর চাপানো উচিত নয়। কোনো প্রতিষ্ঠানে অনিয়মের অভিযোগ উঠলে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন।
সম্প্রতি ঈসা খাঁ পাম্পসংলগ্ন জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহ মাদ্রাসার একটি ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ‘ভুল তথ্য’ প্রচারের অভিযোগ তুলে এর প্রতিবাদ জানান প্রাইভেট মাদ্রাসা ঐক্য পরিষদের নেতারা। তাঁদের দাবি, প্রচারিত তথ্যের সঙ্গে প্রকৃত ঘটনার মিল নেই।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, কোনো ঘটনার প্রকৃত তথ্য যাচাই না করে প্রচার করা হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও শিক্ষক-শিক্ষার্থীদের মর্যাদা ক্ষুণ্ন হতে পারে। তাই অভিযোগ প্রমাণ ও তথ্য-উপাত্তের ভিত্তিতে উপস্থাপন, নিরপেক্ষ সংবাদ প্রকাশ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাইহীন তথ্য বা গুজব ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানান তাঁরা।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সম্মেলনের শুরুতে স্বাগত বক্তব্য দেন গৌরীপুর প্রাইভেট মাদ্রাসা ঐক্য পরিষদের সহ-সভাপতি মুফতি এনামুল হক হাক্কানী। দেশ ও জাতির কল্যাণে মাদ্রাসা শিক্ষার অবদান নিয়ে বক্তব্য দেন সংগঠনের সভাপতি মুফতি নাজীর আহমাদ। মাদ্রাসা পরিচালকদের করণীয় ও বর্জনীয় বিষয়ে আলোচনা করেন সংগঠনের উপদেষ্টা মাওলানা মিজানুর রহমান। এছাড়াও বক্তব্য দেন উপদেষ্টা মাওলানা নজীর আহমদ। এইসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মাওলানা নজরুল ইসলাম ফয়েজী। সংবাদ সম্মেলনে সংগঠনের দায়িত্বশীল ব্যক্তিবর্গ ও গৌরীপুরের বিভিন্ন মাদ্রাসার ওলামায়ে কেরামগণ উপস্থিত ছিলেন। শেষে দোয়া পরিচালনা করেন শাইখুল হাদিস মাওলানা আহসানুল্লাহ।
