মুন্সিগঞ্জের শ্রীনগরের বালাশুর বানিয়াবাড়িতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে অগ্রসর বিক্রমপুর জাদুঘর ক্লিক-নবাবপুর ইলেকট্রিক বিজনেস ফুটবল প্রিমিয়ার লীগ-২০২৬।
ফুটবলপ্রেমীদের আনন্দ-উচ্ছ্বাস ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে মুখর ছিল পুরো আয়োজন। গত শুক্রবার দিনব্যাপী এ লীগে চারটি দল অংশ নেয়। মাঠে খেলোয়াড়দের প্রাণপণ লড়াই, গোলের উত্তেজনা আর দর্শকদের উৎসাহ-উদ্দীপনায় আয়োজনটি পরিণত হয় এক প্রাণবন্ত ক্রীড়া উৎসবে।
প্রতিযোগিতায় অংশ নেয় রাফি অ্যান্ড ব্রাদার্স ওয়ারিয়র্স, খান স্পোর্টিং ক্লাব, এম জামান একাদশ এবং বিএম সাগর স্পোর্টিং ক্লাব। দিনের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা শেষে এম জামান একাদশ চ্যাম্পিয়ন এবং বিএম সাগর স্পোর্টিং ক্লাব রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাছিবুর রহমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিছুর রহমান, রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসের বিশেষ সংবাদদাতা এস এম রাশিদুল ইসলাম এবং শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা।
স্থানীয় সমাজসেবক আব্রাহাম লিংকন ও ব্যবসায়ী তাসকিন আহমেদ হৃদয়ের পৃষ্ঠপোষকতা ও পরিচালনায় আয়োজিত এ ফুটবল লীগ স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন এম জামান একাদশ ও রানার্সআপ বিএম সাগর স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। প্রতিযোগিতাকে ঘিরে দিনভর মাঠে ছিল উৎসবের আমেজ। খেলায় জয়-পরাজয়ের পাশাপাশি এ আয়োজন স্থানীয় তরুণদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ, সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও জোরদার করেছে।
