ইরান-সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতিরা গত সপ্তাহে ইয়েমেনে দ্রুত অভিযান চালিয়ে লোহিত সাগরের প্রবেশমুখে একটি দ্বীপ দখল করার পর এবার সৌদি আরবের একটি সামরিক ঘাঁটিতে ফের বড় ধরনের হামলা চালানোর দাবি করেছে।
হুতিদের দাবি, সোমবার (১৪ সেপ্টেম্বর) তারা সৌদির সীমান্তবর্তী শহর খামিস মুশাইতের একটি সামরিক বিমানঘাঁটি লক্ষ্য করে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে।
হামলায় সৌদির বিমান রাখার হ্যাঙ্গার, রাডার ব্যবস্থা, রানওয়ে এবং গোলাবারুদের গুদাম ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি করেছে তারা।
হুথিরা বলেছে, সাম্প্রতিক দিনগুলোতে ইয়েমেনে সৌদির চালানো শত শত বিমান হামলার জবাবে এসব হামলা করা হয়েছে।
এর আগে গত সপ্তাহে ইয়েমেনে হুতিদের আকস্মিক অগ্রযাত্রা নতুন করে আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি করেছে। গত শুক্রবার লোহিত সাগরের প্রবেশমুখে অবস্থিত একটি দ্বীপ দখলের মাধ্যমে তাদের ওই অভিযান আরও গুরুত্বপূর্ণ মাত্রা পায়।
এদিকে হুতিদের হামলার পর সৌদি কর্তৃপক্ষ খামিস মুশাইতসহ দেশটির দক্ষিণাঞ্চলের চারটি শহরে স্বল্প সময়ের জন্য জরুরি সতর্কতা জারি করে। এসব শহরের কয়েকটিতে এর আগেও হুতিরা হামলা চালায়।
হুতিদের নতুন হামলা ও ইয়েমেনে সৌদি বিমান অভিযানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের পরিধি আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
