যুক্তরাষ্ট্রে হামে আক্রান্ত হয়ে আরও এক নারীর মৃত্যু হয়েছে। পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের জেফারসন কাউন্টিতে ৪০ বছর বয়সী ওই নারী মারা যান। প্রতিরোধযোগ্য এই রোগে দেশটিতে এটি চলতি বছরের তৃতীয় মৃত্যুর ঘটনা। ২০০০ সালে যুক্তরাষ্ট্রকে হামমুক্ত ঘোষণা করা হয়েছিল। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।
জেফারসন কাউন্টির মেডিকেল পরীক্ষক গ্রেগ ফার্লং জানান, হামের জটিলতায় শনিবার ওই নারীর মৃত্যু হয়। চলতি বছর যুক্তরাষ্ট্রে হামে আগের দুটি মৃত্যুর ঘটনাও পেনসিলভানিয়া রাজ্যেই ঘটেছিল। অঙ্গরাজ্যের কর্তৃপক্ষ জানায়, পূর্বে মারা যাওয়া দুজনও টিকা নেননি।
সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোলের তথ্য অনুযায়ী, ২০২৬ সালে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ৪৫টির বেশি অঙ্গরাজ্যে তিন হাজার ২৯৪ জন হামে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে এক শতাংশেরও কম মানুষ পূর্ণাঙ্গ টিকা নিয়েছিলেন। এদিকে হামে মৃত্যু নিয়ে কেন্দ্রীয় ও স্থানীয় প্রশাসনের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে। অঙ্গরাজ্যের এসব মৃত্যুকে জাতীয় তালিকায় অন্তর্ভুক্ত করার বিষয়ে ভিন্নমত পোষণ করেছে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশাসন। দেশটির স্বাস্থ্যমন্ত্রী ও টিকা বিষয়ক সংশয়বাদী রবার্ট এফ কেনেডি জুনিয়র অভিযোগ করেন, রাজনৈতিক স্বার্থে সংক্রামক রোগের ভয়কে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে।
এমনকি এই তথ্য সম্পূর্ণ বানানো হতে পারে বলেও তিনি মন্তব্য করেন। বিপরীতে পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে ষড়যন্ত্র তত্ত্ব ছড়ানোর অভিযোগ তুলেছেন।
