ডিএজি নজরুল ইসলামের বিরুদ্ধে অ্যাটর্নি জেনারেলের কাছে রুমিন ফারহানার আবেদন

ফেসবুকে আপত্তিকর মন্তব্যের অভিযোগ

ডিএজি নজরুল ইসলামের বিরুদ্ধে অ্যাটর্নি জেনারেলের কাছে রুমিন ফারহানার আবেদন

ফন্ট সাইজ:

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর ও মানহানিকর পোস্ট দেয়ার অভিযোগে ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে বিভাগীয় ও যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী এবং সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। সোমবার অ্যাটর্নি জেনারেল বরাবরে এ বিষয়ে একটি লিখিত অভিযোগপত্র দাখিল করেন তিনি।

অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা উল্লেখ করেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটি আইন কর্মকর্তা পদে অধিষ্ঠিত থেকে ডিএজি নজরুল ইসলাম ছোটন গত ১১ সেপ্টেম্বর তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে তাকে উদ্দেশ্য করে অত্যন্ত কুরুচিপূর্ণ ও মানহানিকর একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি লেখেন, ‘লেডি মীরজাফর রুমিন ফারহানা আফা অতীত খুব দ্রুতই ভুলে যাচ্ছেন’।

লিখিত আবেদনে রুমিন ফারহানা আরও বলেন, একজন দায়িত্বে থাকা সরকারি আইন কর্মকর্তার কাছ থেকে এ ধরনের অশোভন, হুমকি ও উদ্দেশ্যপ্রণোদিত আচরণ কেবল একজন নারী ও জনপ্রতিনিধি হিসেবে তার জন্য অপমানজনক নয়, বরং এটি অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের ভাবমূর্তি ও পেশাদারিত্বকেও চরমভাবে ক্ষুণ্ণ করে।

তিনি স্মরণ করিয়ে দেন, অ্যাটর্নি জেনারেল কার্যালয় সমগ্র বাংলাদেশের প্রতিনিধিত্ব করে, কোনো রাজনৈতিক দলের নয়। ফলে রাষ্ট্রপক্ষের একজন দায়িত্বশীল কর্মকর্তার কাছ থেকে এমন শিষ্টাচারবহির্ভূত সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। ঘটনাটি গুরুত্বের সাথে বিবেচনা করে ডেপুটি অ্যাটর্নি জেনারেল নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে উপযুক্ত বিভাগীয় ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান তিনি। অভিযোগের সাথে সংশ্লিষ্ট ফেসবুক আইডির লিংক ও পোস্টের স্ক্রিনশট সংযুক্ত করা হয়েছে।