জেলেনস্কিকে রুশ জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে বললেন ট্রাম্প

জেলেনস্কিকে রুশ জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে বললেন ট্রাম্প

ফন্ট সাইজ:

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে রাশিয়ার ডিজেল ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা বন্ধ করতে বলছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তিনি বলেন, এসব হামলার কারণে বিশ্বজুড়ে জ্বালানি সংকট দেখা দিচ্ছে এবং তা গোটা বিশ্বের ক্ষতি করছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সাম্প্রতিক মাসগুলোতে দূরপাল্লার ড্রোন ব্যবহার করে রাশিয়ার বেশ কয়েকটি তেল শোধনাগারে হামলা চালিয়েছে ইউক্রেন। এর ফলে দেশটিতে জ্বালানি উৎপাদন কমে গেছে এবং অভ্যন্তরীণ সংকট তৈরি হয়েছে। অন্যদিকে ইউক্রেনের দাবি, নিজেদের জ্বালানি খাতে নিয়মিত রুশ হামলার জবাবে শোধনাগারগুলোকে তারা বৈধ সামরিক লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করে। আয়ারল্যান্ডের একটি গলফ কোর্সে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডনাল্ড ট্রাম্প বলেন, জেলেনস্কিকে একটি কাজ করতে হবে, আর তা হলো রাশিয়ায় ডিজেল উৎপাদন ব্যবস্থা ধ্বংস করা বন্ধ করা।

আমরা এ নিয়ে তার সঙ্গে কথা বলেছি। হামলার জন্য অন্যান্য অনেক লক্ষ্যবস্তু রয়েছে। জ্বালানিতে আঘাত হানা বন্ধ করতে হবে, কারণ এটি পুরো বিশ্বের ক্ষতি করছে। তিনি আরও বলেন, এই বৈশ্বিক সংকট মধ্যপ্রাচ্যের কারণে তৈরি হয়নি, বরং রাশিয়া ও ইউক্রেনের পরিস্থিতির কারণেই এটি ঘটছে।

ট্রাম্পের এই মন্তব্য এমন সময়ে এলো যখন যুক্তরাষ্ট্রে ডিজেলের গড় দাম প্রথমবারের মতো প্রতি গ্যালনে ছয় ডলার ছাড়িয়ে গেছে। যুদ্ধ পরিস্থিতির কারণে রাশিয়া চলতি বছরের তেল উৎপাদন পূর্বাভাস ১৭ বছরের মধ্যে সর্বনিম্নে নামিয়ে এনেছে। একই সঙ্গে তারা আগামী বছরগুলোর জ্বালানি রপ্তানি লক্ষ্যমাত্রাও কাটছাঁট করেছে।