দরিদ্র শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে বিনামূল্যে শিক্ষা উপকরণ দিচ্ছে সরকার: রিতা

ফন্ট সাইজ:

খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, প্রাথমিক বিদ্যালয়ের অনেক শিক্ষার্থীর পরিবার দারিদ্র্যসীমার নিচে বসবাস করায় একটি বই, ব্যাগ বা খাতা-কলম কেনাও তাদের জন্য কষ্টকর হয়ে দাঁড়ায়, যা শিশুদের পড়াশোনা থেকে ঝরে পড়ার অন্যতম প্রধান কারণ। দরিদ্র পরিবারের শিশুরা যাতে পড়াশোনা থেকে ঝরে না পড়ে, সে জন্য বর্তমান সরকারের পক্ষ থেকে বিনামূল্যে বই ও ব্যাগ দেয়ার ব্যবস্থা করা হয়েছে। রোববার সকালে মানিকগঞ্জ সদর উপজেলার ২৯নং বেতিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, বর্তমান সরকারের যুগোপযোগী ও শিক্ষাবান্ধব নীতির অংশ হিসেবে কোমলমতি শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে শিক্ষা উপকরণ তুলে দেয়া হচ্ছে। একটি সামাজিক, মানবিক এবং জবাবদিহিতামূলক সমাজ গড়তে শিক্ষার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা জরুরি। শিক্ষার্থীদের উদ্দেশ্যে খাদ্যমন্ত্রী বলেন, সরকার এবং তোমাদের অভিভাবকরা তোমাদের সুন্দর ভবিষ্যতের জন্য সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছেন। পড়াশোনায় মন দিয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলাই তোমাদের প্রধান দায়িত্ব। জেলা প্রশাসক নাজমুনা আরা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, বিপিএম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোকুল চন্দ্র নাথ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী নাসরিন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোশাররফ হোসেন। এ ছাড়া অনুষ্ঠানে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।