আমতলীতে জমিজমা নিয়ে সংঘর্ষে আহত ২০

ফন্ট সাইজ:

বরগুনার আমতলী সদর ইউনিয়নের ছোটনীলগঞ্জ গ্রামে জমি বিরোধে সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন। রোববার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ছোটনীলগঞ্জ গ্রামের মো. পাশা হাওলাদার গংদের সঙ্গে জমিজমা নিয়ে একই গ্রামের মো. জলিল গাজী গংদের ১০ বিঘা জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ বিরোধকে কেন্দ্র করে রোববার সকালে জলিল গাজী গংরা জমিতে হালচাষ করতে গেলে পাশা হাওলাদার গংরা বাধা দেয়। এ সময় উভয় গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়েন। উভয়পক্ষই প্রতিপক্ষকে দেশীয় অস্ত্রশস্ত্র-রামদা, ছেনা দিয়ে কুপিয়ে-পিটিয়ে আহত করে।

আহতরা হলেন, পাশা হাওলাদার (৪৬), রুস্তম হাওলাদার (৭৫), খোকন (৩৫), মহসিন (২৮), মাহবুব (৪৫), সোহেল মোল্লা (৪০), মাহবুবুর রহমান (৫০), ইমরান হোসাইন (২৪), জাহিদুল গাজী (৩৫), জলিল গাজী (৪৮), ফয়সাল গাজী(২৭), আখিনুর বেগম (৩৫) প্রমুখ। আহতদের আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স্রে ভর্তি করা হয়েছে। আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. লুনা বিনতে হক জানান, আহতদের যথাযথ চিকিৎসা সেবা দেয়া হয়েছে। এ বিষয় পাশা হাওলাদার বলেন, এই বিরোধীয় জমি নিয়ে আদালতে মামলা চলমান। জলিল গাজী গংরা আদালতের আদেশ অমান্য করে ভাড়াটে লোকজন এনে জোর করে জমি চাষ করে রোপন করতে যায়, আমরা বাধা দিলে কুপিয়ে-পিটিয়ে আহত করে। আমি এ ঘটনার বিচার চাই।

অপরপক্ষ জলিল গাজী পক্ষের মো. মাহবুবুর রহমান বলেন. আমরা ওয়ারিশসূত্রে প্রাপ্ত জমি ও আদালতের রায় অনুযায়ী হাল চাষ করতে গেলে পাশা হাওলাদার গংরা আমাদের কুপিয়ে পিটিয়ে আহত করে। আমরা এ ঘটনায় দৃষ্টান্তমুলক বিচার চাই। আমতলী থানার অফিসার ইনচার্জ মো. ইয়াকুব হোসাইন মুঠোফোনে বলেন, এ ঘটনায় এখনও কোনও অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।