৫ আগস্টের পর যারা বলেছিল আওয়ামী লীগকে মাফ করে দিয়েছি তারা ধর্মের নামে রাজনীতি করে: রিজভী

ফন্ট সাইজ:

বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, একটি দল ধর্মের নামে রাজনীতি করে, জান্নাতের টিকিট বিক্রি করে। অথচ তারা এলাকায় নরক তথা দোজখের আগুন জ্বালিয়ে দিচ্ছেন। ইসলামের আসল যে উদ্দেশ্য মানবতার সেবা করা তাতে তাদের লক্ষ্য নেই। তারা আছে রাজনৈতিক লাভ নিয়ে। ৫ই আগস্টের পর যারা বলেছিল আওয়ামী লীগকে মাফ করে দিয়েছি তারা ধর্মের নামে রাজনীতি করে।
রোববার বিকালে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মাসকরা গ্রামে দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে যাওয়া বিএনপি’র ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মাঝে নবনির্মিত ঘরের চাবি উপহার দেয়া অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী বারবার মানুষের সঙ্গে মোনাফেকি করছেন।

এখন তারা ত্রাসের রাজনীতি, সন্ত্রাসের রাজনীতি করছেন। আমরা বিএনপি পরিবারের পক্ষে এ ঘরটি উপহার দেয়া হয়েছে। এ সময় আরও উপস্থিত ছিলেন, আমরা বিএনপি উপদেষ্টা ও সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশ্রাফ উদ্দিন বকুল, আমরা বিএনপি পরিবার সংগঠনের সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সংসদ সদস্য আলহাজ রাশেদা বেগম হিরা, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুল হুদাসহ আরও অনেকে। মাসকরা গ্রামের আগুনে পুড়ানো মিলন পরিবারের ৫ সদস্যদের মাঝে ঘরের চাবি এবং ছাগল উপহার দেন।