ভূমিসেবা সহজ করার লক্ষ্যে কিশোরগঞ্জে জেলা ভূমিসেবা কেন্দ্র স্থাপন করা হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ে স্থাপনা করা এই কেন্দ্র থেকে জনসাধারণ বিনামূল্যে সহজ, দ্রুত ও হয়রানিমুক্ত ভূমিসেবা নিতে পারবেন। রোববার সকালে ফিতা কেটে জেলা ভূমিসেবা কেন্দ্র উদ্বোধন করে কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম। এ সময় জেলা প্রশাসক সোহানা নাসরিন, স্থানীয় সরকার উপ-পরিচালক (উপ-সচিব) জেবুন নাহার শাম্মী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন, সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাইদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাজমুস সাকিব খান, রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) নিলুফা আক্তার রূপা এবং জেলার ১৩টি উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে সংসদ সদস্য মাজহারুল ইসলামকে জেলা প্রশাসক সোহানা নাসরিন সেবাকেন্দ্রটির কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। জেলা প্রশাসক সোহানা নাসরিন জানান, জেলার নাগরিকদের ভূমিসেবা সহজ ও হয়রানিমুক্ত করার জন্যে ভূমিসেবা কেন্দ্রটি করা হয়েছে। এটি ভূমি মন্ত্রণালয়ের একটি উদ্ভাবনী উদ্যোগ। এটির ব্যবস্থাপনায় রয়েছে জেলা প্রশাসন। নাগরিকগণ সরাসরি কেন্দ্রটিতে উপস্থিত হয়ে তাদের প্রয়োজনীয় ভূমিসেবা নিতে পারবেন। এই কেন্দ্রের মাধ্যমে তারা প্রতিদিন ভূমি উন্নয়ন কর দেয়া, নামজারি ও জমাখারিজ, খতিয়ানের সার্টিফাইড কপি ও মৌজা ম্যাপ বা নকশা প্রাপ্তির আবেদনসহ অন্যান্য সেবা পাবেন।
