হবিগঞ্জের নবীগঞ্জে কিশোরী জুবা আক্তারকে ধর্ষণ ও হত্যার অভিযোগে দায়ের করা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন নবীগঞ্জ উপজেলার হরিনগর গ্রামের খলিল উদ্দিন ও গোলাম হোসেন। রোববার দুপুর ৩টায় হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক ও জেলা ও দায়রা জজ সৈয়দা মিনহাজ উম মুনীরা এ রায় ঘোষণা করেন। মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, ২০২১ সালের ২৬শে ডিসেম্বর রাতে নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নের বাগাউড়া এলাকায় একটি ধানী জমিতে কিশোরী জুবা আক্তারকে হত্যা করা হয়। পরদিন সকালে স্থানীয়রা জমিতে তার মরদেহ দেখতে পান। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে নবীগঞ্জ থানায় মামলা করা হয়। মামলাটি পরবর্তীতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারাধীন ছিল। মামলার তদন্তে খলিল উদ্দিন ও গোলাম হোসেনের সম্পৃক্ততার অভিযোগ ওঠে। আদালতের নথি অনুযায়ী, খলিল উদ্দিন স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত দুই আসামিকে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(২)/৩০ ধারায় দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের আদেশ দেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনাকারী স্পেশাল পিপি এডভোকেট কামাল উদ্দিন সেলিম জানান, রায়ে বাদীপক্ষ সন্তুষ্ট রয়েছে। রায়ের পর আসামিদের কারাগারে প্রেরণ করা হয়।
নবীগঞ্জে কিশোরী জুবা হত্যা মামলায় দুইজনের ফাঁসির আদেশ
স্টাফ রিপোর্টার, হবিগঞ্জ থেকে
১৪ সেপ্টেম্বর (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
