খুলনায় অদম্য মেধাবী শিক্ষার্থীদের বাইসাইকেল উপহার

ফন্ট সাইজ:

প্রতিবন্ধকতা মোকাবিলা করে লেখাপড়া চালিয়ে যাওয়া এমন ৩০ অদম্য মেধাবী শিক্ষার্থীকে উৎসাহ দিতে তাদেরকে বাইসাইকেল উপহার দেয়া হয়েছে। খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল রোববার আনুষ্ঠানিকভাবে তাদের হাতে এই উপহার তুলে দেন। প্লাটিনাম জুবিলী জুট মিলসের অফিসার্স ক্লাবে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথির বক্তব্যে হুইপ রকিবুল ইসলাম বকুল বলেন, মেধাবী শিক্ষার্থীরা যাতে কোনো কারণে ঝরে না যায়, সেজন্য আজকের এই আয়োজন। তিনি বলেন, সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে এবং ফ্যাসিস্ট সরকারের আমলে নেয়া কারিকুলাম পরিবর্তন করে কর্মমুখী শিক্ষায় উৎসাহিত করা হচ্ছে। প্রধানমন্ত্রী চান যেন একজনও শিক্ষাজীবন শেষ করে বেকার না থাকে।

খুলনা অঞ্চলে ডেঙ্গুর ভয়াবহতায় উদ্বেগ প্রকাশ করে তিনি শিক্ষার্থীদের তাদের বাড়ির আশপাশ ও স্কুলের আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে উদ্যোগী হতে পরামর্শ দেন। এ সময় আরও বক্তব্য রাখেনÑ খুলনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পী। মহানগর যুবদলের আহ্বায়ক আব্দুল আজিজ সুমনের সঞ্চালনায় সূচনা বক্তব্য রাখেন মহানগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, খালিশপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, বিএনপি নেতা স ম আব্দুর রহমান, ইমাম হোসেন, আবুল কালাম জিয়া প্রমুখ।