দীর্ঘদিন পর মৌলভীবাজার সদর উপজেলা বিএনপি’র পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন পাওয়ায় উজ্জীবিত নেতাকর্মীরা। নতুন এই কমিটির নেতৃবৃন্দ স্থবির হয়ে পড়া সাংগঠনিক কাজে গতিশীলতা আনবেন বলে প্রত্যাশা তৃণমূলের কর্মীদের। ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিতে মো. মুজিবুর রহমান মজনু সভাপতি ও মো. মারুফ আহমদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
কমিটিতে উপদেষ্টা রাখা হয়েছে ১৫ জন, সহ-সভাপতি ১২ জন, যুগ্ম সাধারণ সম্পাদক ৩ জন, সাংগঠনিক সম্পাদক ২ জন, কোষাধ্যক্ষ ১ জন, দপ্তর ১ জনসহ অন্যান্য সম্পাদকীয় পদ ছাড়া কার্যনির্বাহী কমিটির সদস্য রাখা হয়েছে ৩০ জনকে। শনিবার দলীয় প্যাডে জেলা বিএনপি’র আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন ও সদস্য সচিব আব্দুর রহিম রিপন স্বাক্ষরিত উপজেলা বিএনপি’র পূর্ণাঙ্গ এই কমিটির অনুমোদন দেয়া হয়। জেলা নেতৃবৃন্দ জানান নবগঠিত মৌলভীবাজার সদর উপজেলা কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ দলীয় সাংগঠনিক কার্যক্রমে আরও গতিশীলতা আনবেন এমন প্রত্যাশা তাদের।
