সমাজকল্যাণ, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বলেছেন, আমরা ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা গণতন্ত্রে বিশ্বাসী। আপনাদের যদি সৎ সাহস থাকে তাহলে পালিয়ে না থেকে দেশের আইন-আদালতের মুখোমুখি হন। তিনি রোববার পঞ্চগড় জেলা বিএনপি কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন। এ সময় মন্ত্রী বিগত সরকারের সমালোচনা করে বলেন, যারা পাখির মতো গুলি করে মানুষ হত্যা করেছে, দেশের সম্পদ লুণ্ঠন করেছে, মেগা প্রকল্পের নামে মেগা ডাকাতি করেছেÑ তাদের প্রতিটি হিসাব বাংলাদেশের মাটিতেই হবে। আইন-আদালতের মাধ্যমে মুখোমুখি হয়ে নিজেদের নির্দোষ প্রমাণ করার চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি বলেন, দেশের মানুষ আজ সচেতন।
তারা বুঝতে পেরেছে স্বৈরাচারের দোসররা বিদেশে বসে এআই ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মব কালচার সৃষ্টিসহ নানা উস্কানি দিয়ে দেশের স্থিতিশীলতা নষ্ট করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। মন্ত্রী বলেন, বিএনপি কিন্তু দেশে থেকে এই দেশের মানুষকে সঙ্গে নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য এবং দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সবসময় মাঠে থেকে দায়িত্ব পালন করেছে।
বিএনপি’র কোনো নেতাকর্মী দলের প্রতি আনুগত্যের কোনো ধরনের কমতি দেখায় নাই।
এর আগে বিএনপি কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় ত্যাগী নেতার মূল্যায়ন নিয়ে বেশ হট্টগোলের সৃষ্টি হয়। এ সময় জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক এম এ মজিদ, জেলা বিএনপি’র আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, বিএনপি নেতা জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট এ হাসান প্রধান ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ের পর তিনি জেলা প্রশাসনের সেমিনার কক্ষে জেলা আইনশৃঙ্খলা সভায় যোগ দেন। জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলে।
