‘যুব সমাজকে বেশি বেশি সামাজিক কাজে সম্পৃক্ত করতে হবে, তাদের কর্মসংস্থান সৃষ্টিতে সরকার কাজ করে যাচ্ছে’ বলে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। পঞ্চগড়ের বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের সাকোয়া হাইস্কুল মাঠে প্রীতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে শনিবার প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, যুব সমাজকে অপকর্ম ও নেশা থেকে ফিরিয়ে আনার জন্য খেলাধুলার বিকল্প নেই। আমি চেষ্টা করছি পঞ্চগড়ে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে যুব সমাজের চাকরি ও অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করার। আমাদের উত্তরাঞ্চলের এই পঞ্চগড় জেলায় গ্রীনহাউজ স্থাপনের মাধ্যমে কৃষি খাতকে সমৃদ্ধ করা এবং সোলার প্যানেল স্থাপনের মধ্যদিয়ে এলাকার বিদ্যুতের চাহিদা পূরণ করার পরিকল্পনা নেয়া হয়েছে।
এ উদ্দেশ্যে আমার আমন্ত্রণে চীন ও দুবাইয়ের ব্যবসায়ীরা এই এলাকার অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেছেন। সাকোয়ার সকল ব্যবসায়ী মহলের উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোদা উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম, বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা, উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ এবং সাংগঠনিক সম্পাদক রায়হানুল আলম প্রধান রিয়েল। এ ছাড়াও সাকোয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোজাফফর রহমান, সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান শামীম, খেলা পরিচালনা কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু ও সাধারণ সম্পাদক আলাউদ্দীন আলালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
