ময়মনসিংহের ভালুকা আসনের সাবেক সংসদ সদস্য এমএ ওয়াহেদের শ্যালক জামাল হোসেন (৪৫) কে আটক করেছে পুলিশ। শনিবার বিকালে ভালুকা উপজেলা সদরের ওয়াহেদ টাওয়ার এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে রোববার দুপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় আদালতে পাঠানো হয়েছে। আটক জামাল হোসেন ময়মনসিংহ নগরীর কৃষ্টপুর এলাকার আবদুল কদ্দুসের ছেলে। তিনি অস্ট্রেলিয়া প্রবাসী।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে ওয়াহেদ টাওয়ার এলাকা থেকে জামাল হোসেনকে আটক করা হয়। জামাল হোসেনের এক আত্মীয় নাম প্রকাশ না করার শর্তে জানান, কিছুদিন আগে জামাল দেশে আসেন। ভালুকায় সাবেক এমপি’র মালিকানাধীন ওয়াহেদ টাওয়ারের বিকল লিফট মেরামতের জন্য তিনি ভালুকায় যান।
পরে ভালুকা মডেল থানা পুলিশ তাকে আটক করে নিয়ে যায়। ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম বলেন, জামাল হোসেনের মাধ্যমে সাবেক এমপি এম এ ওয়াহেদ ভালুকা এলাকায় মিছিল-মিটিংয়ের জন্য নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ ও অন্যান্য নেতাকর্মীকে অর্থায়ন করে থাকেন। জামাল হোসেনও বিভিন্ন মিছিল-মিটিংয়ে অংশ নেন বলে তথ্য আছে। তিনি আরও বলেন, গত আগস্ট মাসে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা মিছিল করেছিল। ওই মিছিলের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছিল। তাকে ওই মামলা গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
