মৌলভীবাজারের কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত টমটম গাড়ি ধলাই নদীতে পড়ে গিয়ে প্রিতম এরিক (পিতু) নামে এক চালক নিখোঁজ হয়েছেন। রোববার সকাল সাড়ে ৯টার দিকে কমলগঞ্জ পৌরসভার দক্ষিণ কুমড়াকাপন এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ উপজেলার দক্ষিণ বালিগাঁও বটতলা এলাকার টমাস এরিকের ছেলে। খবর পেয়ে কমলগঞ্জের ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নদী থেকে টমটম উদ্ধার করলেও দুপুর ৩টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ চালকের সন্ধান মেলেনি।
জানা গেছে, প্রতিদিনের মতো রোববার সকালে টমটমচালক প্রিতম স্থানীয় এক যাত্রীকে নিয়ে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। সেখান থেকে যাত্রী নিয়ে দক্ষিণ কুমড়াকাপন এলাকায় পৌঁছে দেন। পরে গাড়িট ধলাই নদীর পাড়ে ঘোরানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যান। এ সময় স্থানীয় এক নারী দেখে চিৎকার করলে স্থানীয়রা তাকে উদ্ধারে নামার আগেই সে পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে কমলগঞ্জে ফায়ার সার্ভিসের সদস্যরা ও কমলগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। পরে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস দল নদী উদ্ধার অভিযান শুরু করে নদী থেকে টমটমটি উদ্ধার করলেও চালকের কোনো সন্ধান পাওয়া যায়নি। কমলগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইউনিট লিডার ফারুক আহমদ বলেন, ‘নিখোঁজ ব্যক্তির সন্ধানে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে। আমাদের এবং মৌলভীবাজারে ডুবুরি দল না থাকায় সিলেট ডুবুরি দল ডাকা হয়। দুপুর ১টার দিকে তারা ঘটনাস্থলে পৌঁছে ফের উদ্ধার অভিযান শুরু করে।
