লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে স্পিকার

লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে স্পিকার

ফন্ট সাইজ:

ভোলার লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবার সার্বিক পরিস্থিতি সরজমিন পর্যবেক্ষণ এবং রোগীদের সুযোগ-সুবিধার খোঁজখবর নিতে তিনি এ পরিদর্শন করেন।

রোববার সকালে স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং ভর্তি রোগীদের সঙ্গে সরাসরি কথা বলেন। তারা যথাযথ চিকিৎসা ও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পাচ্ছেন কিনা, চিকিৎসাসেবায় কোনো সমস্যা বা অসুবিধা রয়েছে কিনা- এসব বিষয়ে রোগীদের কাছ থেকে বিস্তারিত খোঁজখবর নেন তিনি। এ সময় হাফিজ উদ্দিন আহমদ বলেন, সাধারণ মানুষ যাতে উপজেলা পর্যায়েই স্বাচ্ছন্দ্য, নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পরিবেশে মানসম্মত চিকিৎসাসেবা পান, তা নিশ্চিত করতে হবে। চিকিৎসাসেবার মান আরও উন্নত করার পাশাপাশি রোগীদের প্রতি মানবিক ও আন্তরিক আচরণ করতে হবে।

এ ছাড়া, স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা প্রত্যেক ব্যক্তি যেন যথাযথ ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা পান, তা নিশ্চিত করতে হব। পাশাপাশি স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক পরিবেশ ও সেবার মান আরও জনবান্ধব করার ওপর গুরুত্ব আরোপ করেন তিনি। এ সময় লালমোহন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মোহাম্মদ আবু মাহমুদ তালহা সাদী, আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. মহসিন খানসহ স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য চিকিৎসক ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।