ভৈরবে হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন

ভৈরবে হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন

ফন্ট সাইজ:

অনিয়মতান্ত্রিক ও অন্যায়ভাবে কিশোরগঞ্জের ভৈরব পৌরসভার হোল্ডিং ট্যাক্স ৪০ শতাংশ বৃদ্ধির প্রতিবাদে এবং পৌরসভার স্থবির উন্নয়ন কর্মকাণ্ডের বিরুদ্ধে মানববন্ধন করেছে জাতীয় নাগরিক পার্টি ও সর্বস্তরের জনসাধারণ। রোববার সকাল ১১টায় ঢাকা-সিলেট মহাসড়কের দুর্জয় মোড় এলাকার নূরানী মসজিদের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় মানববন্ধনে বক্তব্য দেন- জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কিশোরগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শরিফুল হক জয়, গণঅধিকার পরিষদের নেতা ইমতিয়াজ আহমেদ কাজল, সমাজকর্মী এন কে সোহেল, জাতীয় নাগরিক পার্টি ভৈরব উপজেলা শাখার আহ্বায়ক মাহবুবুর রহমান, যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল ও ডালিয়া বেগম, সাংগঠনিক সম্পাদক সোহেল মিয়া প্রমুখ। মানববন্ধনে বক্তারা পৌর প্রশাসকের উদ্দেশ্যে বলেন, হঠাৎ কেন পৌরকর বাড়ানো হলো? এই সিদ্ধান্ত একজন অনির্বাচিত প্রশাসক নিতে পারেন না। যতদিন না পৌরসভায় একজন নির্বাচিত মেয়র আসছেন ততদিন পৌরকর বাড়ানো যাবে না।

ভৈরবে একজন অনির্বাচিত প্রশাসকের এই ভুল সিদ্ধান্ত ভৈরববাসী মেনে নেবে না। বক্তারা আরও বলেন, ভৈরবের খেটে খাওয়া মানুষ ঠিকমতো গ্যাস বিল ও বিদ্যুৎ বিল দিতে পারছে না। তার ওপর নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম ঊর্ধ্বমুখী। এমন পরিস্থিতিতে নতুন করে করের চাপ দেয়া তাদের ওপর জুলুম হয়ে দাঁড়াবে। এ বিষয়ে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার কে.এম মামুনুর রশীদ বলেন, প্রতি পাঁচ বছর পরপর হোল্ডিং ট্যাক্স রি-অ্যাসেসমেন্ট করার একটা নির্দেশনা আছে, যা এই বছর পাঁচ বছর পূর্ণ হওয়ায় বাস্তবায়ন করতে হচ্ছে। ট্যাক্স না বাড়লে প্রজেক্টগুলোর জন্য বরাদ্দ আসে না। তিনি আরও বলেন, নোটিশের বিপরীতে আপত্তি জানানোর পদ্ধতি আছে। আপত্তি শুনানি করে তা পুনর্বিবেচনা করা হচ্ছে। প্রক্রিয়া অনুযায়ী এগোলে বিষয়টার সমাধান সম্ভব। আপত্তি ফরম ও আপত্তি শুনানি সম্পর্কে মানুষকে অবহিত করার জন্য সকলকে অনুরোধ জানান তিনি।