‘আবাসিকে বাণিজ্যিক কার্যক্রম চালানো যাবে না’

ফন্ট সাইজ:

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব পদমর্যাদা) হিসেবে মনোনীত হওয়ায় সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদীকে সংবর্ধনা দিয়েছে তপোবন হাউজিং কল্যাণ সমিতি। একই অনুষ্ঠানে তপোবন মডেল আবাসিক এলাকার আধুনিক ‘সিকিউরিটি সিস্টেম’র আনুষ্ঠানিক উদ্বোধন করেন নবনিযুক্ত সিউক চেয়ারম্যান। তপোবন হাউজিং কল্যাণ সমিতির সভাপতি, বিশিষ্ট সাংবাদিক ও কবি মুহিত চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে ডা. মাহফুজ হাসান খানের সঞ্চালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন মাহির মাহমুদ চৌধুরী।

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে রেজাউল হাসান কয়েস লোদী বলেন, আবাসিক এলাকায় আবাসিক বাসার অনুমোদন নিয়ে কোনো অবস্থাতেই বাণিজ্যিক কার্যক্রম চালানো যাবে না। আবাসিক এলাকার পরিবেশ, নিরাপত্তা ও বসবাসের উপযোগিতা রক্ষায় সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- তপোবন জামে মসজিদের সভাপতি আ ন ম ওহীদ কনা মিয়া, তপোবন হাউজিং কল্যাণ সমিতির সহ-সভাপতি ও বিশিষ্ট চিকিৎসক ডা. এস. এস. আই. এইচ. জালালী, তপোবন জামে মসজিদের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ মাহমুদুল হোসেন সেজু এবং তপোবন জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা মুফতি নোমান আহমেদ।