পদ্মায় নিখোঁজ ছাত্রদল নেতার লাশ উদ্ধার

ফন্ট সাইজ:

অবশেষে মরদেহ উদ্ধার হলো ঝিনাইদহ জেলার শৈলকূপা পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুজ্জামান রকির। দীর্ঘ ৩৫ ঘণ্টা পর রোববার সকাল সাড়ে ১০টার দিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সামনে ভেড়ামারার পদ্মা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। তার মৃত্যুতে পরিবার, স্বজন, সহকর্মী ও রাজনৈতিক অঙ্গনের নেতাকর্মীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। গত শুক্রবার রাত ৯টা ১০ মিনিটের দিকে ১২৩ জন যাত্রী বহনকারী বাল্কহেডের সঙ্গে হার্ডিঞ্জ ব্রিজের পিলারের ধাক্কায় ঝিনাইদহ জেলার শৈলকূপা পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুজ্জামান রকিসহ ৩ জন নিখোঁজ হন। পরবর্তীতে দুইজনকে উদ্ধার করা হলেও রকি ছিল নিখোঁজ। ওই রাতেই উদ্ধার অভিযান শুরু করে ভেড়ামারা উপজেলা প্রশাসন।

বিষয়টি নিশ্চিত করেছেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার আমিরুল আরাফাত এবং ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ জায়েদুর রহমান।
জানা যায়, ঝিনাইদহের শৈলকূপা কাতলা গাড়ি ঘাট থেকে ১২৩ জন ভ্রমণকারী নিয়ে তারা ভেড়ামারা উপজেলার সোলাইমান শাহ মাজারে বেড়াতে আসে। এ ছাড়াও ওই নৌকাতে মাঝিসহ আরও বেশ কয়েকজন লোক ছিল। মাজারে বেড়ানো শেষে রাত ৯টা ১০ মিনিটের সময় তারা হার্ডিঞ্জ ব্রিজের কাছে পৌঁছায়। এ সময় স্রোতের প্রচণ্ড ধাক্কায় হার্ডিঞ্জ ব্রিজের চার নম্বর পিলারের সঙ্গে বাল্কহেডের পেছনের অংশের ধাক্কা লাগে। এ সময় রকি, লিটন ও ওহাব পড়ে যায়। লিটন ও ওহাবকে উদ্ধার করা সম্ভব হলেও রকি নিখোঁজ ছিল।