নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) প্রস্তাবিত ‘আন্তর্জাতিক ভাষা ইনস্টিটিউট’ স্থাপনে সরকারি অনাপত্তি মিললেও ফাইল আটকে রয়েছে জেলা প্রশাসক (ডিসি) কার্যালয়ে। গত ১৫ই জানুয়ারি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় বেগমগঞ্জ উপজেলার একলাশপুর মৌজায় ইটভাটার জন্য পূর্বে অধিগ্রহণকৃত ২৯.৬৭ একর জমির মধ্য থেকে ১.৫০ একর অকৃষি খাসজমি নোবিপ্রবি’র অনুকূলে বরাদ্দের নির্দেশ দেয় মন্ত্রণালয়। নিয়ম অনুযায়ী, ডিসি অফিস থেকে ফাইলটি চূড়ান্ত অনুমোদনের জন্য ভূমি মন্ত্রণালয়ে পাঠানোর কথা থাকলেও এক মাসের বেশি সময়ে তা ছাড়করণ হয়নি। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সব প্রক্রিয়া সম্পন্ন করে ডিসি অফিসে ফাইল পাঠানো হয়েছে। এ বিষয়ে নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, স্থায়ী অবকাঠামো তৈরিতে সময় লাগবে।
তবে ইউজিসি’র নির্দেশনা অনুযায়ী বিদ্যমান ভবনেই দ্রুত ভাষা শিক্ষা কোর্স চালু করার পরিকল্পনা চলছে। ?ফাইল আটকে থাকার বিষয়ে নোয়াখালী জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম জানান, বিষয়টি বিস্তারিত দেখে তিনি পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। তবে পরবর্তীতে এ বিষয়ে জানতে তার সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
