প্রধানমন্ত্রী তারেক রহমানের পূর্বনির্ধারিত আগামী ১৭ই সেপ্টেম্বরের ফেনী সফর স্থগিত করা হয়েছে। পূর্বের সূচি অনুযায়ী সফরটি পিছিয়ে আগামী ১লা অক্টোবর অনুষ্ঠিত হবে। রোববার দুপুরে সফরের তারিখ পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছেন ফেনী জেলা প্রশাসক মো. মাহবুবউল করিম। তিনি জানান, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ততার কারণে আগামী ১৭ই সেপ্টেম্বরের সফরটি স্থগিত করা হয়েছে। নতুন নির্ধারিত তারিখে (১লা অক্টোবর) প্রধানমন্ত্রী ফেনী আগমন করবেন।
সফরটি স্থগিত হলেও পরশুরাম ও ফুলগাজী উপজেলায় স্থানীয় প্রশাসন এবং বিএনপি’র পক্ষ থেকে শুরু হওয়া ব্যাপক প্রস্তুতি অব্যাহত রয়েছে। সমপ্রতি একনেকে অনুমোদিত ১ হাজার ৫৪২ কোটি টাকার ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ ও পানি নিষ্কাশন’ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধনে প্রধানমন্ত্রীর সম্ভাব্য আগমনকে কেন্দ্র করে পরশুরাম-সুবার বাজার সড়কের মুহুরী নদীর তীরে উদ্বোধনী ফলক ও জনসভাস্থল প্রস্তুতের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে।
প্রধানমন্ত্রীর বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ) ইতিমধ্যে প্রস্তাবিত অনুষ্ঠানস্থল ও আশপাশের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেছে। এ ছাড়া পরশুরাম মডেল সরকারি পাইলট স্কুল মাঠে হেলিপ্যাড নির্মাণের প্রস্তুতি চলছে এবং ফেনী-পরশুরাম প্রধান সড়কের সংযোগস্থলে মেরামত ও সৌন্দর্যবর্ধনের কাজ চালাচ্ছে সড়ক ও জনপথ বিভাগ। ?এ বিষয়ে ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম মজনু জানান, মুহুরী ও কহুয়া নদী তীরবর্তী বিস্তীর্ণ এলাকাকে বন্যা ও নদীভাঙন থেকে রক্ষা করতে ১ হাজার ৫৪২ কোটি টাকা ব্যয়ের প্রকল্পটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সফর পিছিয়ে গেলেও স্থানীয় জনসাধারণের মধ্যে এ নিয়ে কোনো উৎসাহের কমতি নেই।
