সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ২৫ কোটি টাকা করা হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী

ফন্ট সাইজ:

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ৬ কোটি টাকা থেকে বাড়িয়ে ২৫ কোটি টাকায় উন্নীত করার নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে। এজন্য ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয়ে চিঠি দেয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। রোববার দুপুরে জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, মফস্বলের সাংবাদিকরা সহযোগিতা পাচ্ছেন না- এমন ধারণা সঠিক নয়। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে উপজেলা ও জেলা পর্যায়ের সব সাংবাদিককে আর্থিক সহায়তা দেয়া হয়।

প্রতিমন্ত্রী জানান, ট্রাস্টের বর্তমান বরাদ্দ ৬ কোটি টাকা থেকে বাড়িয়ে ২৫ কোটি করার জন্য অর্থ মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে এবং নীতিগতভাবে তা অনুমোদিতও হয়েছে। চলতি বছরে বর্ধিত এই সম্পূর্ণ অর্থ বিতরণ করা সম্ভব না হলেও আগামী বছর পুরোটা দেয়া হবে বলে তিনি আশা প্রকাশ করেন। গণমাধ্যমের স্বাধীনতার প্রসঙ্গে ইয়াসের খান চৌধুরী বলেন, যেকোনো দেশ বা সংগঠন তাদের আইনি কাঠামোর মধ্য থেকে স্বাধীনভাবে মতপ্রকাশ করতেই পারে। বিশ্বের সব দেশেই স্বাধীন গণতন্ত্র বজায় থাকবে বলে তিনি প্রত্যাশা করেন।

জেলা প্রশাসক ইউসুফ আলীর সভাপতিত্বে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় জামালপুর-৫ আসনের এমপি শাহ মো. ওয়ারেছ আলী মামুন, জামালপুর-৪ আসনের এমপি মো. ফরিদুল কবীর তালুকদার, জামালপুর-২ আসনের এমপি মো. সুলতান মাহমুদ বাবু এবং জামালপুর-৩ আসনের এমপি মো. মোস্তাফিজুর রহমান বাবুল উপস্থিত ছিলেন।