গাইবান্ধার সাঘাটা উপজেলায় রোড আইডি না থাকার অজুহাতে গত ১৮ বছরে একবারো সংস্কার হয়নি বোনারপাড়া ইউনিয়নের পশ্চিমবাটি সড়ক। দীর্ঘদিন অবহেলায় সড়কটি এখন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে।
সরজমিন দেখা যায়, উপজেলার ভাঙাব্রিজ-দুর্গাপুর সড়কের পশ্চিমবাটি অংশের বেশির ভাগ জায়গায় পিচ উঠে গিয়ে দুই পাশ ভেঙে-চুরে ধসে পড়েছে। আনিছুরের চাতাল, মওলার বাড়ি, পল্টনের দোকানসহ অন্তত ১৫টি পয়েন্টে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও মাটি সরে গিয়ে সড়কের অস্তিত্বই খুঁজে পাওয়া যাচ্ছে না। স্থানীয়রা জানান, ২০০৭ সালে পাকাকরণের পর থেকে আজ পর্যন্ত সড়কটিতে কোনো সংস্কারকাজ হয়নি। ফলে যানবাহন তো দূরের কথা, এখন পায়ে হেঁটে চলাচল করতেও চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে।
কৃষিপণ্য নিয়ে বাজারে যেতে গিয়ে প্রতিনিয়তই দুর্ঘটনার শিকার হচ্ছেন তারা। পশ্চিমবাটি গ্রামের জুয়েল মিয়া, রফিকুল ইসলাম ও ফারুকুল ইসলাম বলেন, এই সড়ক দিয়ে চলতে গিয়ে প্রতিদিনই গাড়ি উল্টে যাচ্ছে, মানুষ আহত হচ্ছে। কৃষকরা ফসল নিয়ে বাজারে যেতে পারছেন না। কৃষক মজিবর রহমান বলেন, এটাই আমাদের এলাকার একমাত্র সড়ক। সংস্কার না হওয়ায় এখন হাঁটাও কঠিন হয়ে পড়েছে।
গর্তে পড়ে প্রতিদিনই কেউ না কেউ আহত হচ্ছে। এলাকাবাসীর অভিযোগ, সড়কটি চলাচলের উপযোগী করতে আইডি সংশোধনের জন্য গত দুই বছরে দুইবার এলজিইডিতে আবেদন করা হলেও কোনো কাজ হয়নি। এলজিইডি’র কর্মকর্তাদের অবহেলার কারণেই সড়কটির আজ এই বেহাল দশা। এ বিষয়ে সাঘাটা উপজেলা এলজিইডি’র উপজেলা প্রকৌশলী হেলালুর রহমান বলেন, পাকাকরণের সময় সড়কটির আইডি না থাকায় এতদিন সংস্কার করা যায়নি। তবে আমরা আইডি সংশোধনের জন্য প্রস্তাবনা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছি। দ্রুত সড়কটির আইডি সংশোধন করে সংস্কারকাজ শুরু করার দাবি জানিয়েছেন এলাকাবাসী। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তারা।
