মুরাদনগরে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা, এলাকায় থমথমে অবস্থা

মুরাদনগরে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা, এলাকায় থমথমে অবস্থা

ফন্ট সাইজ:

কুমিল্লার মুরাদনগরে আনোয়ার হোসেন (৬০) নামে এক ইউনিয়ন পরিষদ সদস্যকে রাতের আঁধারে কুপিয়ে হত্যা করা হয়েছে। তিনি উপজেলার ১নং শ্রীকাইল ইউনিয়ন পরিষদ সদস্য। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও থমথমে অবস্থা বিরাজ করছে। রোববার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, ওইদিন ভোর ৪টায় ১নং শ্রীকাইল ইউনিয়নের ২নং ওয়ার্ডের সদস্য উত্তর পেন্নেই গ্রামের আনোয়ার হোসেনকে দুর্বৃত্তরা বাড়ি থেকে ডেকে নিয়ে রাস্তার পাশে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।

স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরিবারের অভিযোগ, পূর্বশত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। তারা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। খবর পেয়ে বাঙ্গরাবাজার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বাঙ্গরাবাজার থানার ওসি শফিউল আলম বলেন, ঘটনার পরপরই আমরা ঘটনাস্থলে গিয়েছি। এখনো মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলমান রয়েছে। এ ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।