গোপালগঞ্জের মুকসুদপুরে হিন্দু থেকে ধর্মান্তরিত মুসলিম হয়ে ভালোবেসে বিয়ে করে স্বামীর হাতেই খুন হয়েছেন এক গৃহবধূ। পরে স্ত্রী মিম আক্তার (২৩)-এর লাশ ঘরে রেখে পালিয়ে যায় স্বামী তরিক সিকদার। রোববার সকালে উপজেলার ভাবড়াশুর গ্রামে এ ঘটনা ঘটে। দুপুরে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে পুলিশ।
জানা গেছে, প্রথম স্ত্রী থাকা অবস্থায়, প্রায় ৩ বছর পূর্বে সনাতনধর্মী ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলায় শাকপাইলদিয়া গ্রামে সিদাম মাঝির মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে ভাবড়াশুর গ্রামের ছরোয়ার সিকদারের ছেলে তরিক সিকদার। পরে তাকে ধর্মান্তরিত মুসলিম করে মিম আক্তারকে বিবাহ করে।
বিয়ের পর থেকেই তাদের মধ্যে দাম্পত্য কলহ চলে আসছিল। রোববার সকালে দাম্পত্য কলহে কথাকাটাকাটির একপর্যায়ে তরিক সিকদার তার স্ত্রীকে পিটিয়ে হত্যা করে। দুপুরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছে।
মুকসুদপুর সার্কেল এসপি নাফিজুর ইসলাম বলেন, মিম আক্তার নামের এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যা নাকি দুর্ঘটনা তা নিশ্চিত হওয়া যায়নি। তবে মৃতের শরীরে আঘাতের চিহ্ন দেখেছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
