‘নারীকে মানুষ হিসেবে দেখুন চিনুন সম্মান করুন’- এই স্লোগানকে সামনে নিয়ে নারী মুক্তির আন্দোলন বিস্তৃতিকরণে বিভাগীয় সংবাদ সম্মেলন করেছে নারীপক্ষ। এটা এই সংগঠনের তৃতীয় সংবাদ সম্মেলন। নারীর যথাযথ মর্যাদা ও সম্মান বৃদ্ধিতে পারিবারিক সামাজিক সচেতনতা বাড়াতে মানবাধিকার রক্ষায় কাজ করছে নারীপক্ষ। আন্দোলন বাস্তবায়নে নারীপক্ষ দেশব্যাপী নারী নির্যাতন বন্ধে সকলকে সচেতন করতে কাজ করে যাচ্ছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নারীপক্ষ সদস্য এডভোকেট কামরুন নাহার।
আরও বক্তব্য রাখেন সামিয়া আফরিন- নারীপক্ষ সদস্য। নারী মুক্তির আন্দোলনকে বিস্তৃত করা, নারীর অধিকার প্রতিষ্ঠা এবং তৃণমূল পর্যায়ের নারীদের সংগঠিত করার লক্ষ্যে ময়মনসিংহ বিভাগীয় নারী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন শেষে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে নারীপক্ষ। ১০-১২ই সেপ্টেম্বর ময়মনসিংহে অনুষ্ঠিত তিন দিনব্যাপী এ বিভাগীয় সম্মেলনে বৃহত্তর ময়মনসিংহের ছয় জেলার তৃণমূল নারী সংগঠন, জনপ্রতিনিধি, তরুণ নারী এবং বিভিন্ন রাজনৈতিক দলের নারী নেতৃবৃন্দসহ ১১০ জন অংশগ্রহণ করেন। সংবাদ সম্মেলনে নারীপক্ষের সভানেত্রী কে. এ. জাহান রুমি এবং বিশিষ্ট মানবাধিকারকর্মী রাজিয়া সামাদ ডালিয়াসহ সংশ্লিষ্টরা বক্তব্য দেন। সম্মেলনের মূল লক্ষ্য ছিল নারী আন্দোলনের স্বতন্ত্র ধারা বিনির্মাণ, চলমান ধারাকে শক্তিশালী করা এবং এর বিস্তৃতি ঘটানো।
এ লক্ষ্যে সম্মেলনে বিভিন্ন প্যানেল আলোচনা ও মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। সেখানে নারীর অধিকার প্রতিষ্ঠায় কাঠামোগত পরিবর্তন, তৃণমূলভিত্তিক নারী আন্দোলন শক্তিশালীকরণ, আন্তঃপ্রজন্ম নেতৃত্বের বিকাশ, সহিংসতামুক্ত নারীর জীবন এবং নারীর রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক অধিকারসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। সম্মেলনের তৃতীয় দিনে ‘জীবনের অধিকার’ শীর্ষক অধিবেশনে মৌলিক অধিকার ও মানবাধিকারের মূলনীতি নিয়ে আলোচনা করা হয়। এ অধিবেশন মৃত্যুদণ্ড বিলোপের দাবির মধ্যদিয়ে শেষ হয়।
