মামলাজট নিরসন ও দ্রুত বিচার নিশ্চিতকরণে নজিরবিহীন গতি ফিরেছে বাংলাদেশ সুপ্রিম কোর্টে। ২০২৬ সালের প্রথম আট মাসেই (জানুয়ারি–আগস্ট) আপিল বিভাগে ১১ হাজারের বেশি এবং হাইকোর্ট বিভাগে সাড়ে ৮৭ হাজারের বেশি মামলা নিষ্পত্তি হয়েছে। একই সঙ্গে নারী ও শিশুর প্রতি সহিংসতাসহ গুরুত্বপূর্ণ ডেথ রেফারেন্স মামলা নিষ্পত্তিতে বিশেষ বেঞ্চ গঠনের মাধ্যমে ইতিবাচক পরিবর্তন এসেছে দেশের সর্বোচ্চ আদালতে। রবিবার সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা মোঃ শফিকুল ইসলামের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আপিল বিভাগে নিষ্পত্তির নতুন নজির: পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩১ আগস্ট পর্যন্ত আপিল বিভাগে মোট ১১ হাজার ১৩৬টি মামলা নিষ্পত্তি হয়েছে। বিপরীতে নতুন মামলা দায়ের হয়েছে ৯ হাজার ১৩৯টি। ফলে দায়েরকৃত মামলার তুলনায় প্রায় ২ হাজার (১,৯৯৭টি) মামলা বেশি নিষ্পত্তি হয়েছে।
বিগত পাঁচ বছরের (২০২১–২০২৫) গড় বার্ষিক নিষ্পত্তির সংখ্যা ছিল প্রায় ৬ হাজার ৯৬টি। অথচ ২০২৬ সালের প্রথম আট মাসেই নিষ্পত্তি ছাড়িয়েছে ১১ হাজার। চলতি বছরের আট মাসের মোট ১৩২ কর্মদিবসে প্রতিদিন গড়ে প্রায় ৮৪টি করে মামলা নিষ্পত্তি হয়েছে।
এর মধ্যে জানুয়ারি মাসে ২,৭০৫টি, ফেব্রুয়ারি মাসে ২,৭২৪টি, মার্চে ১,১০৭টি, এপ্রিলে ১,৩২১টি, মে মাসে ৬৩৮টি, জুনে ১,৩২১টি, জুলাইয়ে ৬৮৭টি এবং আগস্টে ৬৩৩টি মামলা নিষ্পত্তি হয়। ফলে বছরের শুরুতে আপিল বিভাগে বিচারাধীন মামলার সংখ্যা ৪১ হাজার ৫৫১টি থাকলেও আগস্ট শেষে তা কমে দাঁড়িয়েছে ৩৯ হাজার ৫৫৪টিতে।
হাইকোর্ট বিভাগে বড় অগ্রগতি: হাইকোর্ট বিভাগেও মামলা নিষ্পত্তির গতিতে বড় ধরনের উল্লম্ফন দেখা গেছে। বছরের প্রথম আট মাসে মোট ৮৭ হাজার ৫৯৬টি মামলা নিষ্পত্তি হয়েছে, যা গড়ে প্রতি মাসে প্রায় ১০ হাজার ৯৫০টি। বিগত পাঁচ বছরের যেকোনো পূর্ণ বছরের নিষ্পত্তির তুলনায় চলতি বছরের এই আট মাসের নিষ্পত্তির সংখ্যা বেশি। বিশেষ করে ২০২৫ সালের পুরো বছরের (৫৫ হাজার ৭৫৬টি) তুলনায় চলতি বছরের আট মাসেই ৩১ হাজার ৮৪০টি বেশি মামলা নিষ্পত্তি হয়েছে।
চলতি বছরের প্রথম কোয়ার্টারে (জানুয়ারি–মার্চ) ৭ হাজার ৭৩৯টি, দ্বিতীয় কোয়ার্টারে (এপ্রিল–জুন) ২৭ হাজার ৫৬০টি, জুলাই মাসে ৩২ হাজার ২১১টি এবং আগস্টে ২০ হাজার ৮৬টি মামলা নিষ্পত্তি হয়। এতে বছরের শুরুতে হাইকোর্টে থাকা ৬ লাখ ৫৯ হাজার ২৫৬টি বিচারাধীন মামলা থেকে ১২ হাজার ৯৮০টি কমে বর্তমানে তা ৬ লাখ ৪৬ হাজার ২৭৬টিতে নেমে এসেছে।
ডেথ রেফারেন্স নিষ্পত্তিতে বিশেষ বেঞ্চ: নারী ও শিশুর প্রতি সহিংসতার ঘটনায় মৃত্যুদণ্ডাদেশ অনুমোদন (ডেথ রেফারেন্স) এবং সংশ্লিষ্ট আপিলগুলো অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত নিষ্পত্তির জন্য হাইকোর্ট বিভাগে একটি বিশেষ ডিভিশন বেঞ্চ গঠন করা হয়েছে।
চলতি বছরের জুন মাসে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী এই বিশেষ বেঞ্চ গঠন করেন। বেঞ্চটি গঠনের পর এ পর্যন্ত অগ্রাধিকার ভিত্তিতে ২২টি ডেথ রেফারেন্স মামলা নিষ্পত্তি সম্পন্ন হয়েছে, যা দীর্ঘদিন ঝুলে থাকা গুরুতর ফৌজদারি মামলার জট নিরসনে ভূমিকা রাখছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিচারপ্রার্থীদের দ্রুত বিচারিক সেবা নিশ্চিতকরণ এবং মামলাজট ক্রমান্বয়ে কমিয়ে আনার ক্ষেত্রে এই অগ্রগতি ইতিবাচক ভূমিকা রাখছে। সুপ্রিম কোর্ট এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে দৃঢ় প্রতিজ্ঞ।
