টাঙ্গাইলের ঘাটাইল প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নুরুজ্জামানকে আহ্বায়ক ও সারোয়ার জাহান কলিকে সদস্য সচিব করে ১১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। সাংবাদিকদের ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে শনিবার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে সিনিয়র সাংবাদিক সাজ্জাদুর রহমানের সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় ঘাটাইলের একাধিক প্রেস ক্লাব ও সংগঠন বিলুপ্ত ঘোষণা করে ঐকমত্যের ভিত্তিতে এই আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এই কমিটি আগামী ৩ মাসের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের মাধ্যমে এক পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় বিভিন্ন সংগঠনে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৪০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। কমিটির অন্য সদস্যরা হলেনÑ খান মোহাম্মদ ফজলুর রহমান, সাইয়্যিব মোহাম্মদ হামিদুল্লাহ, মো. সাজ্জাদুর রহমান, আব্দুল্লাহ আল মাসুদ, আনোয়ার হোসেন বকুল, উত্তম কুমার আর্য্য, মো. রবিউল আলম বাদল, এবিএম আতিকুর রহমান, গোলাম মোস্তফা তালুকদার। এ সময় উপস্থিত ছিলেনÑ উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমাদুল হাসান। তিনি নবগঠিত আহ্বায়ক কমিটিকে অভিনন্দন জানিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে ঘাটাইলে একাধিক প্রেস ক্লাব ও সংগঠন থাকায় সাংবাদিকদের মধ্যে নানান বিভেদের সৃষ্টি হয়। ফলশ্রুতিতে সকলের মতামতের ভিত্তিতে সকল সংগঠন বিলুপ্ত ঘোষণা করে একটি প্রেস ক্লাব গঠনের সিদ্ধান্ত নেয়া হয়।
