‘জ্বালানি সংকটে বিশেষজ্ঞ টিম প্রস্তাব দিলেও সাড়া দেয়নি সরকার’

ফন্ট সাইজ:

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, দেশে তীব্র জ্বালানি সংকট থাকলেও তা নিরসনে বিরোধী দলের কোনো সহায়তা নিচ্ছে না সরকার। গতকাল সকালে বগুড়ার ধুনট উপজেলার মানিকপোটল দাখিল মাদ্রাসা মাঠে আয়োজিত এক পথসভায় তিনি বলেন, জ্বালানি সংকট সমাধানে আমাদের একটি টেকনিক্যাল এক্সপার্ট টিম সরকারের সঙ্গে কাজ করার প্রস্তাব দিয়েছিল। কিন্তু সরকার কোনো সাড়া দেয়নি। সব ক্রেডিট সরকার নিক, কিন্তু মানুষকে এই যন্ত্রণা থেকে মুক্তি দিক। বক্তব্যে তিনি দুর্নীতি, চাঁদাবাজি, নিত্যপণ্যের ঊর্ধ্বগতি এবং তীব্র বিদ্যুৎ সংকটের কারণে সাধারণ মানুষের দুর্ভোগের তীব্র সমালোচনা করেন।

পথসভার আগে জামায়াত আমীর ষাট দশকের ছাত্রনেতা শহীদ আব্দুল মালেকের কবর জিয়ারত ও শহীদ পরিবারের সঙ্গে মতবিনিময় করেন। পরবর্তীতে তিনি ‘শহীদ আব্দুল মালেক ওয়েলফেয়ার ফাউন্ডেশন কমপ্লেক্স’-এর নির্মাণকাজের উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম এমপি, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, বগুড়া জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আব্দুল বাসেদ ও ধুনট উপজেলা জামায়াতের আমীর সহকারী অধ্যাপক আমিনুল ইসলাম সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।