কোরআন-সুন্নাহবিরোধী আইনের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা হবে: এটিএম আজহারুল

ফন্ট সাইজ:

জামায়াতের নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম এমপি বলেছেন, কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক কোনো আইন করা উচিত নয়। নির্বাচনের সময় ভোট পাওয়ার জন্য কোরআন-সুন্নাহবিরোধী কোনো আইন করা হবে না এবং মদিনার ইসলাম প্রতিষ্ঠার কথা বলা হয়েছিল। এখন কোরআন-সুন্নাহবিরোধী আইন করা হলে সেই প্রতিশ্রুতি কীভাবে রক্ষা হলো। শনিবার খুলনা জেলা জামায়াতের উদ্যোগে নগরীর আল ফারুক সোসাইটিতে জেলার দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
এটিএম আজহারুল ইসলাম কোরআন-সুন্নাহবিরোধী আইনের বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন গড়ে তোলার ঘোষণা দিয়ে বলেন, জামায়াতে রুকন হওয়ার আগে একজন মুসলমানের মৌলিক ধর্মীয় দায়িত্ব পালনের মানসিকতা থাকতে হবে।

গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে জনগণের আন্দোলনের মুখে পড়তে হবে বলে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, জনগণের দেয়া গণভোটের রায় আপাতত উপেক্ষা করে অনেক কিছু করা গেলেও জনগণ তা মেনে নেবে না। সরকার রায় বাস্তবায়ন না করলে সংসদের ভেতরে ও বাইরে আন্দোলন চালিয়ে যাওয়া হবে।
আজহারুল ইসলাম বলেন, জামায়াতে ইসলামী জনগণের কাছে ওয়াদা করেছিল, গণভোটের রায় বাস্তবায়নে কাজ করবে। সরকার তা বাস্তবায়ন না করলে আমরা সংসদে ও সংসদের বাইরে আন্দোলন করে যাবো। আপনারাও সেই আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করবেন। তিনি দেশের বিদ্যুৎ, গ্যাস ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও সরকারের সমালোচনা করেন।
বিশেষ অতিথির বক্তৃতায় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, জনগণের আকাক্সক্ষা অনুযায়ী রাষ্ট্র সংস্কার ও জুলাই সনদের গণভোটের রায় বাস্তবায়নে জামায়াতে ইসলামী সংসদ ও সংসদের বাইরে নিয়মতান্ত্রিক ও গঠনমূলক আন্দোলন চালিয়ে যাবে।
তিনি বলেন, জুলাই সনদের মৌলিক সংস্কারগুলো বাদ দিয়ে সংবিধান সংশোধনের উদ্যোগ নেয়া হলে রাষ্ট্রের কর্তৃত্ববাদী কাঠামোর মৌলিক পরিবর্তন হবে না। গোলাম পরওয়ার বলেন, বিএনপি ক্ষমতায় গিয়ে এখন জুলাই সনদ বাস্তবায়ন ও রাষ্ট্র সংস্কারের প্রশ্ন থেকে সরে গেছে। গণভোটের রায় অস্বীকার করে তারা জনগণের সঙ্গে দেয়া অঙ্গীকার ভঙ্গ করেছে।
খুলনা জেলা আমীর মাওলানা এমরান হুসাইনের সভাপতিত্বে ও সেক্রেটারি মুন্সি মিজানুর রহমানের পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, জামায়াতে ইসলামীর খুলনা অঞ্চল পরিচালক অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ এমপি ও সহকারী পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক এমপি। সম্মেলনে শুভেচ্ছা বক্তৃতা করেন খুলনা মহানগর জামায়াতে ইসলামীর আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান, সেক্রেটারি এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল এমপি, খুলনা অঞ্চল টিম সদস্য মাস্টার শফিকুল আলম প্রমুখ।