পানিসম্পদ প্রতিমন্ত্রীর বিভিন্ন এলাকা পরিদর্শন

পঞ্চগড়ে সোলার প্রজেক্টের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ

ফন্ট সাইজ:

সরকারিভাবে পঞ্চগড় জেলায় সোলার প্রজেক্ট স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেয়া হয়েছে। গতকাল পঞ্চগড় চিনিকলসহ দেবীগঞ্জের বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ সাংবাদিকদের এ তথ্য জানান। এ সময় তার সঙ্গে চায়না, সিঙ্গাপুর ও দুবাইসহ বিভিন্ন দেশের ব্যবসায়ী প্রতিনিধি ও দেশীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রী বলেন, প্রথমপর্যায়ে আগামী ১৭ই সেপ্টেম্বর প্রধানমন্ত্রী ফেনীতে সরকারি সোলার পাওয়ার প্লান্টের উদ্বোধনসহ নানা উন্নয়ন কর্মকাণ্ডের উদ্বোধন করবেন। সরকারের আশা প্রকল্প বাস্তবায়ন হলে বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি স্থানীয় মানুষের কর্মসংস্থান সৃষ্টি ও বিনিয়োগের নতুন সুযোগ তৈরি হবে। দেবীগঞ্জ এলাকায় বিদ্যুৎ প্রকল্পের পাশাপাশি কৃষিভিত্তিক এগ্রোজোন ও এই এলাকাকে সবুজায়ন হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেয়া হয়েছে।

তিনি বলেন, এই অঞ্চলের জন্য সোলার প্রজেক্ট অত্যন্ত উপযোগী। খুব দ্রুত সোলার প্রজেক্টগুলোর নির্মাণকাজ শেষ করে ডিসেম্বরের মধ্যে কয়েক হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে। এর মাধ্যমে গ্রামীণ জনপদের বিদ্যুতের চাহিদা দূর করার পাশাপাশি স্থানীয় বেকারত্ব দূরীকরণ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। তিনি আরও বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বিদ্যুৎ নিয়ে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করা হয়েছে। যার কারণে গ্রামের সাধারণ মানুষ এখন ঠিকমতো বিদ্যুৎ পাচ্ছে না। এর জন্য প্রধানমন্ত্রী জনগণের কাছে দুঃখ প্রকাশ করেছেন। বিদ্যুৎ সংকট মোকাবিলায় দ্রুত সোলার প্রকল্প বাস্তবায়নের ওপর গুরুত্ব দিয়ে প্রতিমন্ত্রী বলেন, পরিকল্পনা অনুযায়ী এগোতে পারলে আগামী ডিসেম্বরের মধ্যে কয়েক হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে এগিয়ে যাওয়া সম্ভব হবে। এর মাধ্যমে গ্রাম পর্যায়ে বিদ্যুতের চাহিদা পূরণে সহায়তা মিলবে। বিদেশি বিনিয়োগকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রকল্প বাস্তবায়ন হলে স্থানীয় জনগণকে কর্মসংস্থানে অগ্রাধিকার দেয়া হবে। এতে এলাকার বেকারত্ব কমার পাশাপাশি মানুষের জীবনযাত্রার মানও উন্নত হবে। চায়না প্রতিনিধি জুলং গ্রুপের চেয়ারম্যান পেং ওয়াং অর্থনৈতিক অঞ্চল এলাকা পরিদর্শন শেষে জানান, জমি প্রাকৃতিকভাবে ভালো ও বিনিয়োগের জন্য সম্ভাবনাময়। তারা নিজ দেশে ফিরে বোর্ড সভায় বিষয়টি আলোচনা করে বিনিয়োগের সম্ভাবনা গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন বলে জানান।

এ সময় বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মাহাবুব হোসেন, জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন, চায়না প্রতিনিধি জুলং গ্রুপের চেয়ারম্যান পেং ওয়াং, দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজিৎ সাহা সহ বিভিন্ন পর্যায়ের সরকারি-বেসরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।